Shahi Paneer Recipe: নিরামিষের দিনে পনির এই ভাবে রান্না করুন, সবাই চেটেপুটে খাবে!

Posted By:

নিরামিষ রান্নার সেরা বিকল্প হিসেবে পনিরকেই এগিয়ে রাখেন অনেকে। রান্নার ঝক্কিও কম। আর অত্যন্ত স্বাস্থ্যকর একটি খাবার। পনিরে ক্যালশিয়াম এবং ভিটামিন ডি ভরপুর। ফলে হাড়ের দেখভাল করতে দারুণ উপকারী। হাড় মজবুত করে এবং অস্টিওপোরোসিস প্রতিরোধ করে। তাই মাঝেমাঝে পনির খেলে কিন্তু আপনারই লাভ।

একঘেয়ে পনিরের তরকারির বদলে একটু অন্য রকমভাবে রাঁধলে কিন্তু মাছ-মাংসকেও হার মানাতে পারে! আজ আপনাদের জন্য রইল শাহী পনির রেসিপি। খুব কম সময়েই তৈরি হবে, আর খেতেও অত্যন্ত সুস্বাদু। বাড়ির বাচ্চা থেকে বড় সকলেই খাবে চেটেপুটে। দেখে নিন কী ভাবে বানাবেন।

Shahi Paneer Recipe

শাহী পনির উপকরণ
পনির, কাজুবাদাম, চারমগজ, পোস্ত, আদা, কাঁচা লঙ্কা কয়েকটা, ১টি তেজপাতা, গোটা গরম মশলা, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, দুধ পরিমাণমতো, গরম মশলা গুঁড়ো, ১ চামচ ঘি, কসৌরি মেথি, সাদা তেল, স্বাদ অনুযায়ী নুন ও চিনি।

শাহী পনির বানানোর পদ্ধতি
পনির চৌকো করে কেটে নিন। আদার খোসা ছাড়িয়ে রাখবেন। কাজুবাদাম, চারমগজ এবং পোস্ত ঘণ্টা দুয়েক উষ্ণ গরম জলে ভিজিয়ে রাখতে হবে। কড়াইতে তেল গরম করে পনিরগুলো সোনালি করে ভেজে নিন। এবার ভাজা পনিরগুলিও উষ্ণ গরম জলে ডুবিয়ে কিছুক্ষণ রেখে দিন। এতে পনির নরম হয়ে যাবে।

মিক্সিতে কাজুবাদাম, চারমগজ, পোস্ত, কাঁচা লঙ্কা এবং আদা একসঙ্গে বেটে নিন। অল্প জল দিয়ে বাটবেন। একেবারে মিহি পেস্ট তৈরি করতে হবে। এবার প্যানে তেল গরম করে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ ছাড়লে কাজু-পোস্তর পেস্ট দিয়ে কষাতে থাকুন। ভাল করে কষাতে হবে।

এর পর কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, নুন, চিনি দিয়ে দিন। অল্প জল দিয়ে মশলা ভাল করে কষান। মশলা থেকে তেল ছেড়ে এলে দুধ দিয়ে মিশিয়ে দিন। গ্রেভি ফুটে উঠলে পনিরগুলো দিয়ে দিন। কিছুক্ষণ রান্না হওয়ার পর কসৌরি মেথি হাতের তালুতে ঘষে ছড়িয়ে দিন। এক চামচ ঘি এবং গরম মশলা গুঁড়োও এতে দেবেন। ভালো করে মিশিয়ে নিন। আরও একটু ফোটানোর পর গ্যাস বন্ধ করুন। নিরামিষ পোলাও বা ফ্রায়েড রাইসের সঙ্গে পরিবেশন করুন শাহী পনির। রুমালি রুটি বা পরোটার সঙ্গেও কিন্তু মন্দ লাগবে না!

[ of 5 - Users]
Story first published: Wednesday, May 17, 2023, 19:49 [IST]
X
Desktop Bottom Promotion