পেঁপে খেতে চায় না বাড়ির খুদে? এই ভাবে রান্না করলে খাবে চেটেপুটে!

Posted By:

পেঁপের অনেক গুণ। শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে, কোষ্ঠকাঠিন্য কমাতে, হজমশক্তি ও লিভারের কার্যকারিতা বাড়াতে, হার্ট সুস্থ রাখতে পেঁপের জুড়ি মেলা ভার। ভিটামিন এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর হওয়ায় প্রতি দিন ডায়েটে পেঁপে রাখলে তা শরীরের নানা সমস্যায় কাজে লাগে।

কিন্তু পেঁপে দেখলে অনেকেই নাক সিঁটকোন। একেবারেই পাতে তোলেন না। বিশেষ করে বাচ্চারা তো পেঁপে দেখলেই মুখ ঘুরিয়ে নেয়। তবে স্বাস্থ্যের কথা ভেবে ডায়েটে তো রাখতেই হবে। এমন ভাবে রান্না করুন যাতে বাড়ির সকলে হাসি মুখে খেয়ে নেয়। আজ আপনাদের জন্য রইল পেঁপে ভর্তার রেসিপি। গরম ভাতের সঙ্গে সুস্বাদু পেঁপের ভর্তা থাকলে সকলেই খাবে চেটেপুটে!

recipe for papaya

পেঁপে ভর্তা তৈরির উপকরণ

একটা মাঝারি সাইজের পেঁপে, ১ চা চামচ কালো জিরে, ২-৩টে কাঁচা লঙ্কা, ২টো শুকনো লঙ্কা, ১ চা চামচ সাদা সর্ষে, ধনেপাতা কুচি পরিমাণমতো, পরিমাণমতো সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন ও চিনি।

পেঁপে ভর্তা তৈরির প্রণালী

প্রথমে পেঁপের খোসা ছাড়িয়ে কয়েক ফালি করে নিন। তারপর তা ভালো করে ধুয়ে জলে সেদ্ধ করে নিন। একটু ঠান্ডা হলে একটা বাটিতে মেখে ফেলুন পেঁপে। নুন, চিনি, কাঁচা লঙ্কা দিয়ে সেদ্ধ পেঁপে চটকে মেখে নিন।

কড়াইতে অল্প সর্ষে তেল গরম করে শুকনো লঙ্কা, কালো জিরে এবং সাদা সর্ষে ফোড়ন দিন। ফোড়ন থেকে সুগন্ধ বেরোলে নুন, লঙ্কা দিয়ে মাখা সেদ্ধ পেঁপে পুরোটা কড়াইতে দিয়ে দিন। কয়েক মিনিট মশলার সঙ্গে পেঁপে ভালো করে কষিয়ে নিন। নুন চেখে দেখবেন, কম হলে আরও একটু দেওয়া যেতে পারে।

রান্না হয়ে গেলে উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে পেঁপের ভর্তা। গরম গরম সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Saturday, October 14, 2023, 23:02 [IST]
X
Desktop Bottom Promotion