রাজমা দিয়েই বানিয়ে ফেলুন সুস্বাদু গলৌটি কাবাব, রইল রেসিপি

Posted By:

কাবাব বলতে মাছ, মাংসের কাবাবই মাথায় আসে। কিন্তু নিরামিষ কাবাবও যে হয়, তা কি জানেন? ঘরে রাজমা থাকলে তা দিয়ে বানিয়ে ফেলুন সুস্বাদু রাজমা গলৌটি কাবাব। একবার এর স্বাদ পেলে, বারবার খেতে মন চাইবে। দেখে নিন কী ভাবে বানাবেন।

রাজমা গলৌটি কাবাবের উপকরণ
২৫০ গ্রাম রাজমা, পেঁয়াজ কুচি, কাঁচা লঙ্কা কুচি, আদা বাটা, রসুন বাটা, গোটা জিরে, টম্যাটো পিউরি, হিং পাউডার, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর গুঁড়ো, ধনেপাতা কুচি, ব্রেড ক্রাম্বস, ভাজার জন্য সাদা তেল, স্বাদমতো নুন।

Rajma Galouti Kebab

রাজমা গলৌটি কাবাব তৈরির পদ্ধতি
রাজমা সারা রাত জলে ভিজিয়ে রাখুন। পরের দিন জলে সামান্য নুন দিয়ে রাজমাগুলো সেদ্ধ করে নিন। জল ঝরিয়ে রাজমা ঠান্ডা হতে দিন। তারপর মিক্সিতে মিহি করে বেটে নিতে হবে।

ফ্রাইং প্যানে তেল গরম করে হিং আর গোটা জিরা ফোড়ন দিন। ফোড়ন একটু নেড়েচেড়ে নিয়ে পেঁয়াজ কুচি দিন। পেঁয়াজ লালচে হয়ে এলে আদা বাটা, রসুন বাটা দিয়ে ভাজুন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, জিরে গুঁড়ো, আমচুর গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। এর সঙ্গে টোম্যাটো পিউরি দিয়ে দিন। মশলা থেকে তেল না ছাড়া পর্যন্ত মশলা কষাতে থাকুন। মশলা থেকে তেল ছেড়ে এলে রাজমা বাটা দিয়ে আরও একবার কষিয়ে নিন।

রাজমার পুর রান্না হয়ে গেলে আঁচ নিভিয়ে ঠান্ডা করে নিন। এর সঙ্গে ব্রেড ক্রাম্বস মাখিয়ে নিন। মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে চ্যাপ্টা করে কাবাবের আকারে গড়ে ফেলুন। তাওয়া গরম করে সামান্য তেল ব্রাশ করে নিন। কাবাবগুলো উল্টেপাল্টে সেঁকে নিন ভালো করে। ব্যস, তৈরি হয়ে গেল রাজমা গলৌটি কাবাব! পেঁয়াজের স্লাইস, লেবুর টুকরো আর চাটমশলা ছড়িয়ে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Friday, July 21, 2023, 18:36 [IST]
X
Desktop Bottom Promotion