গরম চায়ের সঙ্গে পরিবেশন করুন মুচমুচে আলুর পকোড়া, রইল সহজ রেসিপি

Posted By:

বিকেলে হঠাৎ করে বাড়িতে অতিথি এসে পড়ল। ফ্রিজ খুলে দেখলেন অতিথি আপ্যায়নের জন্য তেমন কিছুই নেই। শুধু চা, বিস্কুটও দেওয়া যায় না। এ দিকে লোকজনকে ফেলে দোকানে যাওয়াটাও বেশ চাপের। তাহলে উপায়? নো চিন্তা, বাড়িতে শুধু আলু, পেঁয়াজ থাকলেই হবে! আলু দিয়ে বানিয়ে ফেলুন মুচমুচে পকোড়া।

চটজলদি মুখরোচক কিছু বানাতে চাইলে আলুর পকোড়ার জুড়ি নেই। গরম চা বা কফির সঙ্গে পরিবেশন করুন ক্রিস্পি আলুর পকোড়া। শিখে নিন সহজ রেসিপি।

Potato Pakora Recipe

আলু পকোড়ার উপকরণ
৪-৫টা আলু, একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, সামান্য গোলমরিচ গুঁড়ো, আধা চা চামচ চাট মশলা, স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচ ধনে গুঁড়ো, ১/৪ কাপ ময়দা, ভাজার জন্য সাদা তেল।

আলুর পকোড়া তৈরির পদ্ধতি
আলুর খোসা ছাড়িয়ে জলে ধুয়ে নিন। তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিন সবকটা আলু। হাতে চেপে চেপে আলুর রসটা বার করে ফেলে দেবেন। একটা বড় বাটিতে গ্রেট করা আলু, পেঁয়াজ কুচি, নুন, কাঁচা লঙ্কা কুচি, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, চাট মশলা, ধনে গুঁড়ো সব একসঙ্গে নিয়ে ভাল ভাবে মাখিয়ে নিন। এই মিশ্রণে ময়দাও মাখিয়ে নিন।

কড়াইতে তেল গরম করতে বসান। আলুর মিশ্রণ থেকে অল্প অল্প নিয়ে গরম তেলে একের পর এক ছাড়তে থাকুন। উল্টেপাল্টে পকোড়াগুলো লাল মুচমুচে করে ভেজে নিন। ভাজা হয়ে গেলে কিচেন টিস্যুর উপর তুলে রাখবেন পকোড়াগুলো। তাহলে পকোড়ার অতিরিক্ত তেল শোষণ করে নেবে। টমেটো সস সহযোগে পরিবেশন করুন গরমাগরম আলুর পকোড়া।

[ of 5 - Users]
Story first published: Wednesday, June 21, 2023, 19:57 [IST]
X
Desktop Bottom Promotion