পুজোয় মিষ্টিমুখ করুন আনারস বাদামের হালুয়া দিয়ে, রইল রেসিপি

Posted By:

পুজো পার্বণের দিকে একটু মিষ্টিমুখ না করলে চলে! তবে মিষ্টিমুখ বলতে শুধু রসগোল্লা, পান্তুয়া, সন্দেশ নয়। এগুলো তো সারা বছরই খাওয়া হয়। এ বার পুজোয় নতুন কিছু মিষ্টি তৈরি করে চমকে দিন বাড়ির সবাইকে। বানিয়ে ফেলুন আনারস বাদামের হালুয়া। সুজি বা গাজরের হালুয়া তো অনেক খেলেন। এবার চেখে দেখুন একেবারে ভিন্ন স্বাদের এই মিষ্টি। রইল রেসিপি।

আনারস বাদামের হালুয়ার উপকরণ

একটা মাঝারি সাইজের আনারস, ২৫০ গ্রাম আমন্ড, পরিমাণমতো ঘি, খোয়া ক্ষীর, কয়েকটা কাজুবাদাম, কিশমিশ কয়েকটা, স্বাদ অনুযায়ী চিনি, ১/৪ চা চামচ এলাচ গুঁড়ো।

Pineapple Badam Halwa Recipe

আনারস বাদামের হালুয়া তৈরির পদ্ধতি

আনারসের খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। কড়াইতে পরিমাণমতো ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশ ভেজে তুলে নিন। তারপর আরও একটু ঘি গরম করে কেটে রাখা আনারসগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ঘিয়ে ভাজতে থাকুন আনারস। অতিরিক্ত জলটা না শুকানো পর্যন্ত আনারস ভাজুন।

অন্য একটি প্যানে অল্প জল দিয়ে তাতে আমন্ডগুলো দিন। কয়েক মিনিট সেদ্ধ করে নিন বাদামগুলো। তারপর বাদামের খোসা ছাড়িয়ে মিক্সিতে দিয়ে মিহি করে বেটে নিন। আনারসের কড়াইতে বাদামের পেস্ট দিয়ে দিন। এতে চিনি এবং খোয়া ক্ষীর দিয়ে ভালো করে মেশান। হালুয়ার মতো থকথকে না হওয়া পর্যন্ত রান্না করুন। ঘন ঘন নাড়াচাড়া করবেন, নাহলে কড়াইয়ের তলায় লেগে যেতে পারে।

হালুয়া রান্না হয়ে গেলে উপরে এলাচ গুঁড়ো, কাজুবাদাম ও কিশমিশ ছড়িয়ে দিন। ভালো ভাবে মিশিয়ে আঁচ নিভিয়ে দিন। গরম গরম পরিবেশন করুন আনারস বাদামের হালুয়া!

[ of 5 - Users]
Story first published: Thursday, October 19, 2023, 21:02 [IST]
X
Desktop Bottom Promotion