গরম ভাতের সঙ্গে চেখে দেখুন পালং শাকের ভর্তা, রইল রেসিপি

Posted By:

ভাতের সঙ্গে প্রথম পাতে হয় তেতো, নয়তো শাক খাওয়ার চল বাঙালিদের বহু পুরনো। সে ভাজা হোক বা ঘণ্ট, শাকের কোনও না কোনও আইটেম থাকেই। বছরের অন্যান্য সময়ে কলমি, নটে, লাল শাকের আধিপত্য চলে। এখন তো শীতকাল। তাই বাজারে পালংয়ের রাজত্ব। প্রায় দিনই বাড়িতে পালং শাক রান্না হচ্ছে।

তবে রোজ যদি পালং শাকের চচ্চড়ি কিংবা ঘণ্ট খেতে ইচ্ছে না করে, তা হলে চট করে বানিয়ে ফেলতে পারেন পালং শাকের ভর্তা। খুব বেশি সময় লাগে না রান্না করতে, আর খেতেও বেশ সুস্বাদু। রেসিপি রইল এখানে।

spinach recipe

পালং শাকের ভর্তার উপকরণ

এক আঁটি পালং শাক, পেঁয়াজ কুচি, রসুন কুচি, ধনে পাতা কুচি, ২টো কাঁচালঙ্কা, শুকনো লঙ্কা ২টো, ২ টেবিল চামচ সর্ষের তেল, স্বাদ অনুযায়ী নুন।

রান্নার পদ্ধতি

প্রথমে পালং শাক কেটে ধুয়ে ভালো ভাবে জল ঝরিয়ে রাখুন। গ্যাসে কড়াই বসিয়ে পালং শাক এবং সামান্য লবণ দিয়ে নাড়াচাড়া করুন। কিছুক্ষণের মধ্যেই শাক কমে যাবে এবং জল বেরোতে থাকবে। এই জলেই শাক সিদ্ধ হয়ে যাবে। আলাদা করে জল দেওয়ার প্রয়োজন নেই। কড়াইয়ের ঢাকনা চাপা দিয়ে শাক সিদ্ধ হতে দিন।

মিনিট তিনেক পরে দেখবেন জল শুকিয়ে গেছে এবং শাকও সিদ্ধ হয়ে এসেছে। একটা প্লেটে পালং শাক তুলে রাখুন। কড়াইতে সামান্য তেল গরম করে শুকনো লঙ্কা ভেজে তুলে নিন। তারপর পেঁয়াজ কুচি, রসুন কুচি ও কাঁচা লঙ্কা চেরা দিয়ে ভাজতে থাকুন। পেঁয়াজের রং লালচে হলে একটা পাত্রে তুলে রাখুন।

এ বার সিদ্ধ পালং শাক প্রথমে হাতে একটু চটকে নিন। তারপর শাকের সঙ্গে ভাজা শুকনো লঙ্কা, লবণ, ভাজা পেঁয়াজ, রসুন ও কাঁচা লঙ্কা ভালো করে মাখিয়ে নিন। সবশেষে ধনে পাতা কুচি আর একটু সর্ষে তেল দিয়ে মাখিয়ে নিলেই তৈরি পালং শাকের ভর্তা। ধোঁয়া ওঠা গরম ভাতের সঙ্গে একেবারে জমে যাবে!

[ of 5 - Users]
Story first published: Saturday, January 13, 2024, 20:49 [IST]
X
Desktop Bottom Promotion