রেস্তোরাঁর মতো মুর্গ মুসল্লম বানান ঘরেই, রইল প্রণালী

Posted By:

স্টার্টার থেকে মেইন কোর্স, চিকেন সবেতেই হিট! মুরগির মাংস যে ভাবেই রান্না করা হোক না কেন, তার স্বাদের কোনও তুলনা হয় না। অনেক সময় আমরা রেস্তোরাঁয় গেলে মুর্গ মুসল্লম অর্ডার করে থাকি। বাড়িতে এই পদ বানানোর কথা আমরা ভাবতেই পারি না! কিন্তু আপনি চাইলেই এই সুস্বাদু পদটি তৈরি করতে পারেন নিজের রান্নাঘরেও। এটি রান্না করতে তন্দুর বা মাইক্রোভেনেরও দরকার পড়বে না। তাহলে দেখে নিন কী ভাবে বানাবেন মুর্গ মুসল্লাম।

উপকরণ
একটি গোটা মুরগি, ২টো সেদ্ধ ডিম, কাঁচা লঙ্কা, কয়েক কোয়া রসুন, ১টা বড় সাইজের পেঁয়াজ কুচি, এক ইঞ্চি আদা, গরম মশলা গুঁড়ো, হলুদ গুঁড়ো, টক দই, লঙ্কা গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, শাহী জিরা, গোটা ধনে, কয়েকটা আমন্ড, কাজুবাদাম ও কিশমিশ, ধনে পাতা কুচি, পরিমাণমতো তেল, স্বাদ অনুসারে লবণ।

Murgh Musallam Recipe

প্রণালী
মুরগির মাংসের ভেতর, বাহির খুব ভালো করে ধুয়ে নিন। যে দিকের মাংস একটু পুরু সেখানে ছুরি দিয়ে চিরে দেবেন। কাজুবাদাম, আমন্ড এবং কিশমিশ জলে ভিজিয়ে রাখুন। বাদামের খোসা ছাড়িয়ে নিন।

আদা, রসুন ও কাঁচা লঙ্কা একসঙ্গে বেটে নেবেন। কাজুবাদাম, কিশমিশ, আমন্ড একসঙ্গে বেটে নিন। একটা বাটিতে টক দই, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মিরী লঙ্কা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বাদাম বাটা, আদা-রসুন বাটা এবং খানিকটা তেল দিয়ে ভালো করে মিশিয়ে নিন। ঘন পেস্ট তৈরি করুন।

গোটা চিকেনের ভেতরে ও বাইরে এই মশলা ভালো ভাবে মাখিয়ে দিন। দুই ঘণ্টা ঢাকা দিয়ে রাখুন ম্যারিনেটের জন্য। সারা রাত রাখতে পারলে আরও ভালো হয়। ফ্রিজে রাখতে পারেন।

সেদ্ধ ডিম দু'টো নুন, হলুদ মাখিয়ে ভেজে নিন। গোটা গরম মশলা, গোটা গোলমরিচ, শাহী জিরা এবং গোটা ধনে শুকনো কড়াইয়ে ভেজে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ ভেজে বেরেস্তা বানিয়ে নিন। মিক্সিতে ভাজা গোটা মশলা এবং বেরেস্তা একসঙ্গে বেটে নিন।

ম্যারিনেট করে রাখা চিকেনের ভিতরে ভেজে রাখা ডিম সিদ্ধ ঢুকিয়ে দিন। সুতো দিয়ে মুরগির পা দু'টো ভালো করে বেঁধে দেবেন। তাহলে সেটি আর খুলবে না। কড়াইয়ে তেল গরম করে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিন। চিকেন ভাজতে থাকুন। বেশ কিছুক্ষণ ভাজার পর দেখবেন মাংস সেদ্ধ হতে শুরু করেছে।

এবার এতে দিয়ে দিন পেঁয়াজ এবং গোটা মশলা বাটা। ভালো করে কষিয়ে নিন। প্রয়োজনে সামান্য জল দিতে পারেন। এই রান্নায় খুব কম গ্রেভি থাকে। রান্না হয়ে গেলে ধনে পাতা কুচি ছড়িয়ে দিন। ভাত, পোলাও, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন মুর্গ মুসল্লম!

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion