কেক ভালোবাসেন? বাড়িতেই তৈরি করুন সুস্বাদু মার্বেল কেক!

Posted By:

বড়দিন চলে গেলেও, বাজারে এখনও রকমারি কেকের ছড়াছড়ি। দোকানে দোকানে মিল‌ছে হরেক ধরনের কেক। তবে অনেকেই বাড়িতে বানানো কেক বেশি পছন্দ করেন। চিরাচরিত ফ্রুট কেক, ভ্যানিলা কেক না বানিয়ে তার পরিবর্তে বানাতে পারেন মার্বেল কেক। খুবই সহজ এই কেক তৈরি করা। রইল পদ্ধতি।

উপকরণ

২ কাপ ময়দা, কোকো পাউডার, ৩টে ডিম, আধ কাপ মাখন, আধ কাপের চেয়ে একটু কম দুধ, সামান্য ভ্যানিলা এসেন্স, ১ চা চামচ বেকিং পাউডার, এক চিমটে নুন, আধ কাপ পাউডার চিনি।

marble cake recipe

তৈরির পদ্ধতি

মাখন গলিয়ে নিন। একটি বড় বাটিতে গলানোর মাখনের সঙ্গে গুঁড়ো চিনি মিশিয়ে নিন। এর মধ্যে ডিমগুলো দিয়ে ফেটিয়ে নিন ভালো ভাবে। ছাঁকনিতে ময়দা চেলে নিয়ে মাখন-ডিমের মিশ্রণে ঢেলে দিন। এর মধ্যে বেকিং পাউডার আর এক চিমটে নুন দিয়ে সব উপকরণ একসঙ্গে ফেটিয়ে ব্যাটার তৈরি করে নিন। একেবারে মসৃণ ব্যাটার তৈরি করবেন, যাতে একটুও না ডেলা হয়ে থাকে।

এ বার পুরো ব্যাটার সমান দু'ভাগে ভাগ করে নিন। একটি ভাগে ভ্যানিলা এসেন্স এবং অন্য ভাগে কোকো পাউডার মিশিয়ে নিন। কেক বেকিং করার পাত্রে মাখন ব্রাশ করে, প্রথমে কোকো পাউডার মেশানো ব্যাটার অল্প ঢেলে দিন। তার উপর ভ্যানিলা মেশানো ব্যাটার অল্প ঢালুন। এই ভাবে দু'টো ব্যাটারই পুরোটা ঢেলে দিন সাজিয়ে। এমন ভাবে ঢালবেন যেন দু'টি ব্যাটার একসঙ্গে মিশে না যায়। সরু কাঠির সাহায্যে ভ্যানিলা এবং কোকোর স্তরে হালকা করে আঁকিবুকি কেটে নিন।

প্রি-হিটেড মাইক্রোওয়েভ অভেনে ১৮০ ডিগ্রি সেন্টিগ্রেডে ২৫ মিনিট বেক করুন। তারপর কেকের মধ্যে একটি কাঠি গেঁথে দেখে নিন পুরোপুরি বেক হয়েছে কি না। যদি কাঠির গায়ে কিছু না লেগে থাকে, তা হলে বুঝতে হবে কেক ভালো ভাবে তৈরি হয়ে গিয়েছে। অভেন থেকে বার করে ঠান্ডা হতে দিন। তারপর বেকিং টিন থেকে কেক বার করে ছোটো ছোটো পিস কেটে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Wednesday, December 27, 2023, 17:56 [IST]
X
Desktop Bottom Promotion