Jamai Sashti Special: জামাই ষষ্ঠীতে জামাই আদরে থাক গলদা চিংড়ির ভুনা, রইল রেসিপি

Posted By:

চলতি বছর ২৫ মে জামাই ষষ্ঠী। প্রত্যেক বাঙালি হিন্দু ঘরের জামাই এবং শাশুড়িদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। মা ষষ্ঠীর পুজোর সঙ্গে এখানে মিলেমিশে গিয়েছে জামাইকে আদর আপ্যায়ন করার প্রথা। মেয়ে জামাইয়ের মঙ্গল কামনায় শাশুড়ি মায়েরা এই দিন ব্রত পালন করেন। এর পাশাপাশি চলে জমিয়ে ভুরিভোজ।

বাঙালির উৎসবের একটি বিশাল অংশ জুড়ে থাকে খাওয়াদাওয়া। এ বার জামাইষষ্ঠীর উৎসবে জামাইকে খুশি করতে বানিয়ে ফেলুন গলদা চিংড়ি ভুনা। রইল প্রণালী।

Lobster Bhuna Recipe

গলদা চিংড়ি ভুনার উপকরণ
৬-৭ টা গলদা চিংড়ি, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, হাফ চামচ জিরে বাটা, ১ চামচ সর্ষে বাটা, ১ চামচ পোস্ত বাটা, ২ চামচ কাজুবাদাম বাটা, হলুদ গুঁড়ো সামান্য, লঙ্কা গুঁড়ো, ২ চামচ টক দই, টমেটো কুচি, কাঁচা লঙ্কা চেরা, পরিমাণমতো তেল, স্বাদ মতো নুন ও চিনি।

গলদা চিংড়ি ভুনা বানানোর পদ্ধতি
চিংড়ির গায়ের খোসা ছাড়িয়ে ভাল করে জলে ধুয়ে নিন। নুন হলুদ মাখিয়ে হালকা করে মাছগুলো ভেজে তুলে রাখুন। ওই তেলেই পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজের রঙ হালকা লাল হলে আদা বাটা ও রসুন বাটা দিয়ে দিন। কিছুক্ষণ নেড়েচেড়ে ভেজে নিন।

আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে টমেটো কুচি, জিরে বাটা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, নুন, চিনি আর সামান্য জল দিয়ে মশলাটা ভাল ভাবে কষান। মিনিট পাঁচেক মশলা কষানোর পর কাজুবাদাম বাটা, পোস্ত বাটা, সর্ষে বাটা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিন। এর পর ফেটিয়ে রাখা টক দই দিয়ে রান্না করুন।

মশলা থেকে সুগন্ধ বেরোলে পরিমাণমতো জল দিতে হবে। গ্রেভি ফুটে উঠলে চিংড়িগুলো দিয়ে মিনিট পাঁচেক রান্না করে নামিয়ে নিন। পোলাও বা সাদা ভাতের সঙ্গে পরিবেশন করুন গলদা চিংড়ির ভুনা।

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 23, 2023, 14:55 [IST]
X
Desktop Bottom Promotion