ডিনারে রুটির সঙ্গী থাক কিমা বিহারি, একবার খেলে ভুলতে পারবেন না!

Posted By:

মটনের নাম শুনলেই বাঙালীর জিভে জল। কেউ ভালবাসেন খাসির পাতলা ঝোল আবার কারুর পছন্দ মটন কষা। এর সঙ্গে উপরি পাওনা মাংসের আলু। তবে ঝোল কষা তো সবসময়ই খাওয়া হয়। এবার অন্য ভাবে মটন রান্না করুন। বানিয়ে ফেলুন কিমা বিহারি। দেখে নিন রেসিপি।

কিমা বিহারির উপকরণ

মটন কিমা, আধা কাপ টক দই, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, পেঁয়াজ কুচানো, ধনে পাতা কুচি, ৪ টেবিল চামচ বেসন, স্বাদ অনুযায়ী লবণ, রান্নার জন্য সর্ষে তেল।

Keema Bihari Recipe

কিমা বিহারি তৈরির প্রণালী

মাংসের কিমা ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নেবেন। পেঁয়াজ একেবারে সরু সরু করে কেটে তেলে ভেজে নিন। পেঁয়াজ বাদামি করে ভেজে বেরেস্তা বানিয়ে নেবেন। একটি বড় বাটিতে মটন কিমা, আদা বাটা, রসুন বাটা, কাঁচা লঙ্কা বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, জিরা গুঁড়ো, গরম মশলা গুঁড়ো, বেসন, ফেটানো টক দই, পেঁয়াজের বেরেস্তা, সর্ষে তেল এবং পরিমাণমতো লবণ নিন। সমস্ত উপকরণ একসঙ্গে ভাল করে মাখিয়ে দুই ঘণ্টা ম্যারিনেট করে রেখে দিন।

কড়াইয়ে সর্ষে তেল গরম করে পেঁয়াজ কুচি দিয়ে দিন। পেঁয়াজ লালচে হয়ে গেলে ম্যারিনেট করা মাংসের কিমা দিয়ে নাড়াচাড়া করুন। লঙ্কা গুঁড়ো দিয়ে কষাতে থাকুন। কিমা থেকে তেল বেরিয়ে এলে সামান্য জল দিন। ফের কষাতে থাকুন। মটন কিমা ভালো মতো সিদ্ধ হয়ে গেলে আঁচ বন্ধ করে দিন। উপর থেকে ধনেপাতা কুচি ছড়িয়ে মিশিয়ে দিন। কড়াই ঢাকা দিয়ে রাখুন কিছুক্ষণ। তারপর রুটি বা পরোটার সঙ্গে পরিবেশন করুন জিভে জল আনা কিমা বিহারি।

[ of 5 - Users]
Story first published: Thursday, August 10, 2023, 19:29 [IST]
X
Desktop Bottom Promotion