গলা খুশখুশ? সর্দি-কাশির সমস্যা? এই স্যুপ খেলেই চাঙ্গা হবেন নিমেষে! জানুন রেসিপি

Posted By:

ভোরে কিংবা সন্ধে নামলেই বেশ শীত শীত ভাব। শিশির পড়তে শুরু করছে ধীরে ধীরে। উত্তরে হাওয়ার শিরশিরানি টের পাওয়া যাচ্ছে বেশ। আবহাওয়ার পরিবর্তনে এখন ঘরে ঘরে সর্দি, কাশি। গলার কাছটা খুশখুশে ভাব। এই সময়ে দিনে হোক বা রাতে, আপনাকে আরাম দিতে পারে এক বাটি গরম গরম স্যুপ। পেটও যেমন ভরবে, তেমনি স্বাস্থ্যকরও। আজ আপনাদের জন্য রইল পিপার সাওয়ার স্যুপের রেসিপি।

পিপার সাওয়ার স্যুপের উপকরণ

আধ কেজি মুরগির মাংস, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, লাল চিলি সস, আধ কাপ চিংড়ি, ৬ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, কয়েকটা ডিম, ৪-৫টা কাঁচা লঙ্কা কুচি, লেমন গ্রাস টুকরো, চিকেন স্যুপের স্টক পরিমাণমতো, একটা পাতিলেবুর রস।

soup recipe

পিপার সাওয়ার স্যুপ রান্নার পদ্ধতি

মুরগির মাংস নুন জলে সেদ্ধ করতে বসান। মাংস সেদ্ধ হলে এর স্টকটা ছেঁকে নিন। তারপর মুরগির মাংস ছোটো ছোটো টুকরো করে কেটে নিন। চিংড়িও সেদ্ধ করে ছোটো ছোটো টুকরো করে নিন। ডিম ফেটিয়ে রাখুন। কর্নফ্লাওয়ার এক কাপ জলে গুলে রাখুন। চিকেন স্টকে জলে গোলানো কর্নফ্লাওয়ার অর্ধেক ও ডিম দিয়ে মিশিয়ে নিন ভালো ভাবে। তারপর কাঁচা লঙ্কা কুচি, সেদ্ধ মাংস, সেদ্ধ চিংড়ি, চিনি, নুন, চিলি সস, গোলমরিচ গুঁড়ো, লেমন গ্রাস মিশিয়ে নিন এতে। আঁচে বসিয়ে ঘন ঘন নাড়তে থাকুন হাতা দিয়ে।

মাঝারি আঁচে মিনিট পনেরো নেড়ে নেড়ে ফুটিয়ে নেওয়ার পর, আঁচ একেবারে কমিয়ে দিন। আরও মিনিট চারেক পর লেবুর রস দিয়ে হালকাভাবে নেড়ে নিন। প্রয়োজন হলে আরও গোলমরিচ গুঁড়ো ও নুন মেশাতে পারেন। রান্না হয়ে গেলে গরম গরম পরিবেশন করুন পিপার সাওয়ার স্যুপ। গলা খুশখুশ করলে কিংবা সর্দি-কাশিতে এই পিপার সাওয়ার স্যুপ কিন্তু দারুণ উপকারী!

[ of 5 - Users]
Story first published: Saturday, December 2, 2023, 23:08 [IST]
X
Desktop Bottom Promotion