Christmas 2023: ওভেন ছাড়াই বানিয়ে ফেলুন বড়দিনের কেক, রইল সহজ রেসিপি

Posted By:

বড়দিন (Christmas 2023) মানেই কেকের মরশুম! উৎসবে-অনুষ্ঠানে সারা বছর ক্রিম দেওয়া কেকের চাহিদা বেশি হলেও, বড়দিনের সময় কিন্তু ক্রিম ছাড়া কেকের কদর বাড়ে। ক্রিসমাস কেক দোকান থেকে তো প্রতি বছরই কিনে আনেন। এ বার বরং বাড়িতেই বানিয়ে ফেলুন। মাইক্রোওয়েভ ওভেন ছাড়াই তৈরি হবে সুস্বাদু ক্রিসমাস কেক। দেখে নিন রেসিপি।

কেক তৈরির উপকরণ

১ কাপ ময়দা, ১/৪ কাপ কোকো পাউডার, ১/৪ কাপ দুধ, ১/৪ কাপ মাখন, স্বাদ অনুযায়ী চিনি, দেড় চা চামচ বেকিং পাউডার, ২টো ডিম, এক চিমটে লবণ, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, অ্যালুমিনিয়ামের একটি বাটি বা বেকিং মোল্ড, প্রেশার কুকার।

Cake Recipe

কেক তৈরির পদ্ধতি

চালুনিতে ময়দা ও কোকো পাউডার চালিয়ে রাখুন। একটা বড় সাইজের বাটিতে ডিমগুলো ফেটিয়ে নিন ভালো করে। প্রায় চার থেকে পাঁচ মিনিট ধরে ফেটাবেন যাতে মিশ্রণ ঘন হয়ে যায়। ডিমের মধ্যেই মাখন ও চিনি দিয়ে আরও কিছুক্ষণ ফেটিয়ে নিন।

এ বার এতে অল্প অল্প করে ময়দা ও কোকো পাউডার দিয়ে মেশাতে থাকুন। ক্রমাগত নাড়তে থাকবেন। এর পর একে একে দুধ, বেকিং পাউডার, নুন আর ভ্যানিলা এসেন্স দিয়ে মিশিয়ে নিন ভালো করে। খেয়াল রাখবেন যেন কেকের মিশ্রণটিতে দলা পাকিয়ে না থাকে।

অ্যালুমিনিয়ামের বাটি বা বেকিং মোল্ডের ভিতরে মাখন লাগিয়ে, তার উপর কিছুটা ময়দা লাগিয়ে একটা কোটিং তৈরি করে নিন। তার পর কেকের ব্যাটারটা পুরোটা ঢেলে দিন এই পাত্রে।

প্রেশার কুকারের মধ্যে বেশি পরিমাণে নুন দিয়ে ৩-৪ মিনিট গরম করে নিন। এই সময় যেন প্রেশার কুকারের ঢাকনায় রাবারের ব্যান্ডটি লাগানো না থাকে। নুন গরম হয়ে গেলে ব্যাটার ভরা বাটি খুব সাবধানে তার উপর বসিয়ে দিন। আবার ব্যান্ড ছাড়া কুকারের ঢাকনা আটকে দিন। এবার মাঝারি আঁচে ৩০ মিনিট মতো রাখুন।

তিরিশ মিনিট পরে কেকের উপর মোটা কাঠি বা ছুরি বসিয়ে দেখে নিন তৈরি হয়ে গেছে কিনা। যদি কাঠি বা ছুরিতে কেক লেগে না থাকে তাহলেই বুঝবেন তৈরি হয়ে গেছে কেক।

[ of 5 - Users]
Story first published: Wednesday, December 13, 2023, 22:42 [IST]
X
Desktop Bottom Promotion