রেস্তরাঁ স্টাইল হরিয়ালি চিকেন টিক্কা এ বার বাড়িতেই! রইল রেসিপি

Posted By:

ছুটির দিনে সকলের বাড়িতেই বেশ কব্জি ডুবিয়ে খাওয়াদাওয়া হয়! আমিষ, নিরামিষ মিলিয়ে অনেক পদই থাকে মেনুতে। কিন্তু, স্টার্টারে কী রাখবেন ভাবছেন? বানিয়ে ফেলুন হরিয়ালি চিকেন টিক্কা। খুব কম উপকরণে আর কম সময়ে তৈরি হয় এই পদ। খেতেও অত্যন্ত সুস্বাদু। দেখে নিন কী ভাবে বানাবেন হরিয়ালি চিকেন টিক্কা।

হরিয়ালি চিকেন টিক্কার উপকরণ
৪০০ গ্রাম হাড়ছাড়া মুরগির মাংস, ধনে পাতা, পুদিনা পাতা, কয়েকটা কাঁচা লঙ্কা, এক ইঞ্চি আদা, কয়েক কোয়া গোটা রসুন, রসুন কুচি, স্বাদ অনুযায়ী লবণ, পরিমাণমতো সাদা তেল, পরিমাণমতো জল, ২ টেবিল চামচ টক দই, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ।

Hariyali Chicken Tikka Recipe

হরিয়ালি চিকেন টিক্কা বানানোর পদ্ধতি
চিকেনের পিসগুলো জলে ভাল ভাবে ধুয়ে রাখবেন। আদা ও রসুনের খোসা ছাড়িয়ে নিন। ধনে পাতা ও পুদিনা পাতা জলে ধুয়ে রাখুন। মিক্সিতে ধনে পাতা, পুদিনা পাতা, আদা, রসুন, কাঁচা লঙ্কা এবং সামান্য জল দিয়ে মিহি পেস্ট তৈরি করে নিন।

একটা বড় বাটিতে এই পেস্টটি ঢেলে নিন। এর মধ্যে টক দই, গোলমরিচ গুঁড়ো, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে ভাল করে ফেটিয়ে নিন। এবার এই মশলার সঙ্গে চিকেনের পিসগুলো মাখিয়ে আধ ঘণ্টা ঢাকা দিয়ে রেখে দিন।

ফ্রাইং প্যানে তেল গরম করে রসুন কুচি ভেজে নিন। রসুনের রঙ হালকা লালচে হলে ম্যারিনেট করে রাখা চিকেন দিয়ে একটু নেড়েচেড়ে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করবেন, তারপর আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করবেন। এই ভাবে ফুটিয়ে ফুটিয়ে জলটা শুকিয়ে নিন।

জল একেবারে শুকিয়ে গেলেই তৈরি হয়ে যাবে হরিয়ালি চিকেন টিক্কা! প্লেটে তুলে নিয়ে এর ওপরে ছড়িয়ে দিন লেবুর রস এবং চাট মশলা। পুদিনা চাটনি আর গোল করে কাটা পেঁয়াজ সহযোগে গরমাগরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Saturday, June 24, 2023, 17:14 [IST]
X
Desktop Bottom Promotion