দশমীর ভুরিভোজে থাকুক ডেভিল, ডিম আর কিমা দিয়ে বানিয়ে চমকে দিন সকলকে!

Posted By:

দেখতে দেখতে চার দিনের পুজো শেষ। আজ বিজয়া দশমী। মায়ের এবার কৈলাশে ফেরার পালা। আবার এক বছরের অপেক্ষা। দশমী মানেই সিঁদুর খেলা, কোলাকুলি, মিষ্টিমুখ। এর পাশাপাশি চলে জমিয়ে পেটপুজো আর আড্ডা। বন্ধু-আত্মীয়দের সঙ্গে দশমীর স্পেশ্যাল খাওয়াদাওয়ার আয়োজন হয় অনেক বাড়িতেই। এ বার দশমীর ভুরিভোজের স্টার্টারে রাখতেই পারেন ঘরে তৈরি ডিম কিমা ডেভিল। রইল প্রণালী।

ডিম কিমা ডেভিলের উপকরণ

৫-৬টা সেদ্ধ ডিম, ২৫০ গ্রাম চিকেন কিমা, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, এক চামচ লাল লঙ্কা গুঁড়ো, এক চামচ জিরে গুঁড়ো, এক চামচ গোলমরিচ গুঁড়ো, এক চামচ গরম মশলা গুঁড়ো, ব্রেড ক্রাম্বস, স্বাদ অনুযায়ী লবণ, ভাজার জন্য সাদা তেল।

Egg Keema Devil Recipe

ডিম কিমা ডেভিল তৈরির পদ্ধতি

চিকেন কিমা ভালো ভাবে ধুয়ে জল ঝরিয়ে নিন। কড়াইয়ে তেল গরম করে পেঁয়াজ কুচি ভেজে নিন। পেঁয়াজ লালচে হয়ে এলে আদা বাটা, রসুন বাটা, লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো এবং নুন দিয়ে ভালো ভাবে কষিয়ে নিন। মশলা থেকে তেল ছেড়ে এলে চিকেন কিমা দিয়ে দিন। মশলার সঙ্গে মাংসের কিমা আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে অল্প জল দিয়ে ঢাকা দিন। মাংস সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করুন।

চিকেন কিমা রান্না হয়ে গেলে গরম মশলা গুঁড়ো মিশিয়ে নামিয়ে নিন। চিকেনের পুরটা ঠান্ডা হতে দিন। একটা পাত্রে ব্রেড ক্রাম্বস ঢেলে রাখুন। সেদ্ধ ডিমের উপর চিকেনের এই পুর একেবারে মোটা করে প্রলেপ দিন। তারপর ব্রেড ক্রাম্বসে ভালো ভাবে মাখিয়ে রাখুন। কড়াইতে সাদা তেল গরম করে ভেজে নিন ডেভিলগুলো। লালচে হয়ে এলে তুলে নেবেন। ভাজার সময় আঁচ কম রাখবেন। স্যালাড, সস এবং কাসুন্দির সঙ্গে গরম গরম পরিবেশন করুন ডিম কিমা ডেভিল।

[ of 5 - Users]
Story first published: Tuesday, October 24, 2023, 14:57 [IST]
X
Desktop Bottom Promotion