কাঁচকলা এবং এঁচোড়ের কোফতা তো অনেক হল, ভাতের কোফতা খেয়েছেন কি?

Posted By:

নিরামিষের দিন এলেই রান্না নিয়ে মাথায় হাত পড়ে। কোন পদ রান্না করলে বাড়ির সকলে হাসিমুখে খাবে, তা ভেবেই সময় চলে যায়। ভাত, পোলাও কিংবা লুচির সঙ্গে নিরামিষ তরকারি মানে তো সেই আলুর দম, ফুলকপি, পোস্ত কিংবা পনির। কোফতা হলে কাঁচকলা অথবা এঁচোড়েরই হয়। তবে ভাত দিয়েও যে কোফতা তৈরি করা যায়, তা জানেন কি? এবার চেখে দেখুন ভাতের নিরামিষ কোফতা। রইল রেসিপি।

উপকরণ

গোবিন্দভোগ চালের ভাত, এক কাপ টক দই, আধ কাপ সুজি, ২ টেবিল চামচ হালকা গরম দুধ, এক চিমটে কেশর, আধ কাপ খোয়া ক্ষীর, গরম মশলা গুঁড়ো, পরিমাণমতো ঘি, কয়েকটা কাঁচা লঙ্কা কুচানো, আদা বাটা, কাজুবাদাম ও কিশমিশ, স্বাদমতো নুন, রান্নার জন্য সাদা তেল।

Bhaater Kofta Recipe

প্রণালী

কড়াইতে ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশ ভেজে তুলে নিন। দুধে কেশর ভিজিয়ে রাখুন কিছুক্ষণ। এবার একটা বাটিতে গোবিন্দভোগ চালের ভাত হালকা করে চটকে নিন। এর মধ্যে গরম মশলা গুঁড়ো, সামান্য আদা বাটা, কাঁচা লঙ্কা কুচি, দুধে ভেজানো কেশর, কাজুবাদাম, কিশমিশ এবং খোয়া ক্ষীর দিয়ে ভালো করে সব উপকরণ একসঙ্গে মেখে নিন। ভাতের এই মিশ্রণ থেকে অল্প অল্প করে নিয়ে গোল কোফতার আকারে গড়ে নিন।

একটি পাত্রে টক দই এবং আদা বাটা একসঙ্গে মিশিয়ে রাখুন। আরেকটি পাত্রে সুজি ঢেলে রাখুন। কড়াইতে ঘি গরম হতে দিন। ভাতের কোফতা প্রথমে দইয়ের মিশ্রণে ডুবিয়ে, তারপর সুজির আস্তরণে জড়িয়ে নিন। গরম ঘিয়ে লালচে করে ভেজে নিন সবকটা কোফতা। ব্যস, তাহলেই রেডি হয়ে যাবে নিরামিষ ভাতের কোফতা!

আঁচ কম রেখে ভাজবেন কোফতাগুলো। চাইলে সাদা তেলেও ভাজতে পারেন। গরম গরম ভাতের সঙ্গে শুধুই খাওয়া যায় সুস্বাদু এই কোফতা। আপনি চাইলে কোফতা দিয়ে নিরামিষ কারিও তৈরি করে ফেলতে পারেন।

[ of 5 - Users]
Story first published: Wednesday, October 18, 2023, 21:43 [IST]
X
Desktop Bottom Promotion