চায়ের সঙ্গে জমিয়ে খান মুচমুচে ফুলকপির পকোড়া, রইল রেসিপি

Posted By:

সারা দিনের হাড় ভাঙা খাটুনির পর সন্ধ্যায় বাড়ি ফিরে একটু চায়ের আসর না বসালে হয়! আর, চা-কফির আড্ডায় মুখরোচক মুচমুচে কিছু একটা না থাকলে ঠিক জমে না! শীতে তো হরেক রকমের সবজি ওঠে বাজারে। যে কোনও একটা পছন্দসই সবজি বেছে নিয়ে সেটা দিয়ে মুচমুচে কিছু একটা বানিয়ে ফেললেই হল।

শীতের সবচেয়ে সহজলভ্য সবজি ফুলকপি। বাচ্চা থেকে বুড়ো সকলেই ভালোবাসেন ফুলকপি খেতে! ফুলকপির চচ্চড়ি, আলু-ফুলকপির ঝোল, ফুলকপির ডালনা, ফুলকপি ভাজা, আরও কত সুস্বাদু খাবারই না বানানো যায় এই সবজি দিয়ে। এবার সন্ধের চায়ের আড্ডায় বানিয়ে ফেলুন মুচমুচে ফুলকপির পকোড়া।

Crispy Gobi Pakora Recipe

ফুলকপির পকোড়া তৈরির উপকরণ

২টো মাঝারি সাইজের ফুলকপি

২ কাপ ময়দা ও কর্নফ্লাওয়ার

২-৩টে ডিম

আধা চামচ কালো জিরা

১ চামচ গোলমরিচ গুঁড়ো

ধনেপাতা কুচি আধা কাপ

কয়েকটা কাঁচা লঙ্কা কুচি

সয়া সস ১ চামচ

স্বাদ অনুযায়ী চিনি

স্বাদমতো লবণ

ভাজার জন্য সাদা তেল

ফুলকপির পকোড়া তৈরির পদ্ধতি

১) প্রথমে ফুলকপি একেবারে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিন।

২) কড়াইতে পরিমাণমতো জল ও সামান্য নুন দিয়ে ফুলকপি একটু ভাপিয়ে নিন।

৩) এবার একটি বাটিতে ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচ গুঁড়ো, কাঁচা লঙ্কা কুচি, ধনেপাতা কুচি, সয়া সস, চিনি, নুন, কালো জিরা, ডিম একসঙ্গে নিয়ে ভালো করে মিশিয়ে নিন। খেয়াল রাখবেন গোলা যেন খুব বেশি পাতলা বা খুব ঘন না হয়ে যায়।

৪) কড়াইতে তেল গরম করুন। এ বার এই মিশ্রণে ফুলকপির টুকরোগুলো ভালো করে ডুবিয়ে ডুবো তেলে ভাজুন। লালচে করে ভেজে তুলে নিন।

৫) টমেটো সস, ধনেপাতা বা পুদিনার চাটনির সঙ্গে গরম গরম পরিবেশন করুন মুচমুচে মুখরোচক ফুলকপির পকোড়া।

[ of 5 - Users]
Story first published: Tuesday, February 7, 2023, 23:12 [IST]
X
Desktop Bottom Promotion