বাঁধাকপির ঘণ্ট নয়, তাক লাগিয়ে দিন পায়েশ বানিয়ে!

Posted By:

শীতের বাজারে ফুলকপির রাজত্ব বেশি চললেও, বাঁধাকপিও কিন্তু কোনও অংশে কম যায় না। অনেকেরই খুব প্রিয় সবজি বাঁধাকপি। আবার অনেকে বাঁধাকপির গন্ধতে মুখ ব্যাজার করে! সাধারণত বাঁধাকপির ঘণ্টই রান্না হয়ে থাকে। তবে এ বার বানিয়ে ফেলুন বাঁধাকপির পায়েশ। রইল রেসিপি।

উপকরণ

বাঁধাকপি, দুই লিটার দুধ, আধ কাপ কনডেন্সড মিল্ক, আধ কাপ চিনি, ঘি পরিমাণমতো, ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি স্টিক, কাজুবাদাম ও কিশমিশ।

Payesh Recipe

প্রণালী

বাঁধাকপির উপরের অংশটা বাদ দিয়ে ভিতরের যে সাদা অংশটা রয়েছে সেটা যতটা সম্ভব মিহি করে কেটে ফেলুন। কড়াইতে জল দিয়ে মিনিট পাঁচেক বাঁধাকপি ভাপিয়ে নিন। সেদ্ধ করার প্রয়োজন নেই। ভাপানো হয়ে গেলে জল ভালো করে ঝরিয়ে রাখুন। খেয়াল রাখবেন যাতে বাঁধাকপির মধ্যে একেবারেই জল না থাকে। ফ্রাইং প্যানে ঘি গরম করে কাজুবাদাম ও কিশমিশগুলো ভেজে তুলে রাখুন।

কড়াইতে দুধ জ্বাল দিতে বসান। ফুটে ফুটে দুধ একটু কমে এলে তাতে ২-৩টে ছোটো এলাচ, একটা বড় এলাচ এবং একটা দারুচিনি স্টিক দিয়ে দিন। আরও কিছুক্ষণ ফুটিয়ে ঘন করে নিন দুধটা।

দুধ ঘন হয়ে এলে এতে ভাপানো বাঁধাকপি দিয়ে দিন। এক চিমটে লবণ দিন। সমানে নাড়তে থাকুন। এ বার চিনি, কাজুবাদাম ও কিশমিশ দিয়ে দিন। খানিকক্ষণ নেড়েচেড়ে নিয়ে ঢাকনা চাপা দিন। কম আঁচে মিনিট পনেরো রান্না করুন। মাঝেমাঝে ঢাকনা খুলে নাড়াচাড়া করে দেবেন। ঘন হয়ে এলে নামিয়ে নিন। কিছুক্ষণ ঢেকে রাখার পর পরিবেশন করুন বাঁধাকপির পায়েশ।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion