একঘেয়ে আলু-সয়াবিনের তরকারিতে অরুচি? স্বাদ বদলাতে খান সয়াবিন দো পেঁয়াজা

Posted By:

সয়াবিনের পুষ্টিগুণ নিয়ে কোনও সন্দেহ নেই! স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী খাবার এটি। যে কারণে চিকিৎসকরাও রোজের ডায়েটে সয়াবিন রাখার পরামর্শ দেন। সাধারণত আলু-সয়াবিনের ঝোলই রান্না হয়ে থাকে। আজ আপনাদের জন্য রইল সয়াবিনের দো পেঁয়াজার রেসিপি, যার স্বাদ কষা মাংসের স্বাদকেও হার মানাবে!

সয়াবিনের দো পেঁয়াজার উপকরণ
সয়াবিন পরিমাণমতো, ২টো আলু, একটা টমেটো কুচি, একটা পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, আদা ও রসুন বাটা, আধা চা চামচ জিরা গুঁড়ো, আধা চা চামচ ধনে গুঁড়ো, আধা চা চামচ কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো, আধা চা চামচ হলুদ গুঁড়ো, স্বাদ অনুযায়ী নুন ও চিনি, আধা চা চামচ গরম মশলা গুঁড়ো।

Soyabean Do Pyaza

সয়াবিনের দো পেঁয়াজা বানানোর পদ্ধতি
প্রথমে জলে নুন দিয়ে সয়াবিন সেদ্ধ করে নিন। তারপর গরম জল থেকে তুলে ঠান্ডা জলে সয়াবিন ভাল করে ধুয়ে নিন। সয়াবিন চিপে চিপে অতিরিক্ত জলটা নিংড়ে বার করে আলাদা বাটিতে রাখুন। একটা পেঁয়াজ কিউব করে কেটে খোলা বার করে রাখুন। অর্ধেক ক্যাপসিকাম চৌকো করে কেটে নিন।

এবার সয়াবিনে লঙ্কা গুঁড়ো, আদা রসুন বাটা, নুন, এক টেবিল চামচ বেসন দিয়ে ভাল করে মাখিয়ে নিন। আলুর খোসা ছাড়িয়ে হলুদ, কাশ্মীরি লাল লঙ্কা গুঁড়ো মাখিয়ে নিন। কড়াইতে তেল গরম করে সয়াবিনগুলো ভেজে তুলে নিন। তারপর আলুগুলো নুন দিয়ে লাল লাল করে ভেজে তুলে নিন।

ওই তেলেই কিউব করে কাটা পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে হালকা ভেজে তুলে রাখুন। কড়াইতে আরও একটু তেল দিয়ে তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা ফোড়ন দিন। ফোড়ন একটু ভেজে দিয়ে দিন পেঁয়াজ কুচি। পেঁয়াজ লালচে হয়ে গেলে আদা-রসুন বাটা দিয়ে নাড়াচাড়া করুন। আদা-রসুনের কাঁচা গন্ধ চলে গেলে অল্প জল দিয়ে দিন।

এবার হলুদ গুঁড়ো, জিরা গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন, কাঁচা লঙ্কা চেরা, টমেটো কুচি দিয়ে মশলা ভাল করে কষান। মিডিয়াম আঁচে ৩-৪ মিনিট মশলা কষিয়ে নিয়ে ভেজে রাখা আলু দিয়ে দিন। মশলার সঙ্গে আলু কষিয়ে নিন। তারপর অল্প পরিমাণে গরম জল দিয়ে আলু আরও কিছুক্ষণ কষিয়ে নিন। দেখবেন আলু প্রায় সেদ্ধ হয়ে এসেছে।

এখন সয়াবিনগুলো দিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নিন কিছুক্ষণ। মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে এক কাপ গরম জল দিয়ে দিন। স্বাদ অনুযায়ী চিনি, পেঁয়াজ আর ক্যাপসিকাম দিয়ে নেড়েচেড়ে ঢাকা দিন। ২-৩ মিনিট পর ঢাকনা খুলে গরম মশলা গুঁড়ো ছড়িয়ে নামিয়ে নিন। ব্যস, তৈরি সয়াবিনের দো পেঁয়াজা! ভাত, রুটি, পরোটার সঙ্গে পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Thursday, May 11, 2023, 20:09 [IST]
X
Desktop Bottom Promotion