নিরামিষের দিনে বানিয়ে ফেলুন দারুণ স্বাদের পটল ভাপা, রইল রেসিপি

Posted By:

গরমকালের খুবই সহজলভ্য সবজি পটল। এই সময় রোজের পাতে পটলের কোনও না কোনও পদ থাকেই। পটল ভাজা, আলু-পটলের ঝোল, তেল পটল, দই পটল, পটল চিংড়ি, পটলের দোলমা...আরও কত কী! এবার হরেক পদের মাঝেই শিখে নিন পটলের নতুন এক পদ পটল ভাপা। রইল রেসিপি।

Potol Bhapa Recipe

উপকরণ
৫-৬টা পটল, স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচ লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, সর্ষে তেল, ১ চা চামচ কালো সর্ষে বাটা, ১ চা চামচ হলুদ সর্ষে বাটা, ১ টেবিল চামচ পোস্ত, কয়েকটা কাঁচা লঙ্কা, ৪ টেবিল চামচ দুধ।

প্রণালী
পটলের খোসা ছাড়িয়ে লম্বালম্বিভাবে দুই টুকরো করে নেবেন। তারপর জলে ধুয়ে ভাল করে জল ঝরিয়ে নেবেন। নুন, হলুদ মাখিয়ে পটলগুলো ভেজে নিন। সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, সামান্য জল ও নুন দিয়ে একসঙ্গে বেটে নিন।

যে টিফিন বাক্সে ভাপা বসাবেন, সেই পাত্রে বেটে রাখা মশলা পুরোটা ঢেলে দিন। বাটা মশলার জলটাও এতে দিয়ে দেবেন। এই মশলার মধ্যেই নুন, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, সর্ষে তেল ও দুধ দিয়ে মিশিয়ে দিন ভাল ভাবে। এবার ভাপার মশলার মধ্যে ভেজে রাখা পটলগুলো দিয়ে দিন। সঙ্গে চেরা কাঁচা লঙ্কাও দেবেন। ঢাকনা আটকে দিন ভাল করে।

কড়াইতে এক গ্লাস মতো জল ফুটতে দিন। ফুটন্ত জলে টিফিন বাক্স বসিয়ে দিন ভাপানোর জন্য। তবে খেয়াল রাখবেন জল যেন টিফিন বাক্সের অর্ধেকের ওপরে না ওঠে। কড়াইয়ে ঢাকনা চাপা দিয়ে ১০-১৫ মিনিট মতো ভাপিয়ে নিন। তারপর গ্যাস বন্ধ করুন। খাওয়ার আগে বাক্সের ঢাকনা খুলে চামচ দিয়ে একটু নাড়াচাড়া করে নিন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন পটল ভাপা!

[ of 5 - Users]
Story first published: Tuesday, May 30, 2023, 15:10 [IST]
X
Desktop Bottom Promotion