সন্তানকে টিফিনে কী দেবেন ভেবেই মাথায় হাত? ঝটপট বানিয়ে ফেলুন সুস্বাদু প্যানকেক!

Posted By:

আট থেকে আশি, সকলেরই পছন্দের খাবার প্যানকেক। বিশেষত খুদেদের কাছে তো খুবই জনপ্রিয় একটি খাবার প্যানকেক। খুব অল্প সময় আর অল্প উপকরণেই বানানো যায়। আজ আপনাদের জন্য রইল কলা এবং ওটস দিয়ে তৈরি প্যানকেকের রেসিপি। এটি খেতে যেমন সুস্বাদু, তেমন স্বাস্থ্যকরও। সকাল ও বিকেলের জলখাবারে, অথবা বাচ্চার টিফিনে সহজেই বানিয়ে দিতে পারেন।

প্যানকেকের উপকরণ

এক কাপ ওটস, ২টো কলা, একটি ডিম, আধা কাপ দুধ, এক চা চামচ বেকিং পাউডার, ২ টেবিল চামচ সাদা তেল, ১ চা চামচ ভ্যানিলা এসেন্স, ৩ টেবিল চামচ ম্যাপেল সিরাপ, ২ টেবিল চামচ মিল্ক চকোলেট, ১ টেবিল চামচ আখরোট কুচি।

Banana Oats Pancakes Recipe

প্যানকেক তৈরির পদ্ধতি

মিক্সিতে খোসা ছাড়ানো কলা, দুধ, ডিম, ওটস, ভ্যানিলা এসেন্স এবং ম্যাপেল সিরাপ - সব একসঙ্গে মিহি করে পিষে নিন। একেবারে মিহি ব্যাটার তৈরি করতে হবে। এবার একটি পাত্রে এই ব্যাটার ঢেলে তাতে বেকিং পাউডার মিশিয়ে নিন।

গ্যাসে নন-স্টিক প্যান বসান। তাতে অল্প তেল দিয়ে গরম হতে দিন। তেল গরম হলে প্যানে এক হাতা ব্যাটার দিয়ে গোল করে চারপাশে ছড়িয়ে দিন। একদিন ভাল ভাবে ভাজা হয়ে গেলে, আরেক পিঠ উল্টে দিন। এই ভাবে উল্টেপাল্টে দুই দিক গোল্ডেন ব্রাউন করে ভেজে নিন। অন্য একটি প্যানে মিল্ক চকোলেট নিয়ে গলিয়ে নিন ভাল ভাবে।

প্লেটে প্যানকেকগুলি একটার ওপর একটা সাজিয়ে নিন। তার উপর আখরোট কুচি এবং গলানো চকোলেট ছড়িয়ে দিন। ম্যাপেল সিরাপ বা মধু সহযোগে পরিবেশন করুন কলা ওটস প্যানকেক।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion