দুই মাস সূর্যের দেখা মিলবে না এই শহরে! কেন এমনটা হয় জানেন?

সূর্যোদয়ের মাধ্যমেই সূচনা হয় একটা নতুন দিনের। সূর্যালোকের ছোঁয়ায় জেগে ওঠে গোটা পৃথিবী। হিন্দুধর্মে, সূর্যদেবকে সৃষ্টির আদি উৎস বলে মানা হয়। এই বিশ্বে সকল জীবন সৃষ্টির উৎস হল সূর্য, এমনটাই প্রচলিত বিশ্বাস। সূর্য যেমন আমাদের পূজ্য দেবতা, তেমনই সূর্যের বিষয়ে বৈজ্ঞানিক কিছু তথ্যের কথাও আমরা জানি। সূর্যের আলোর মধ্যে অসাধারণ শক্তি অন্তর্নিহিত রয়েছে। সূর্যের এই রশ্মি নানা ভাবে আমাদের জীবন ও প্রকৃতির ওপর প্রভাব ফেলে।

কিন্তু যদি কখনও এমন হয়, এই সূর্যোদয়ই হবে না দুই-এক মাস! কি, খুব অবাক হচ্ছেন নিশ্চয়ই? বিচিত্র এই দুনিয়ায় কত কিছুই না ঘটে। এমনটাই নিয়মিত ঘটছে আলাস্কায়।

Polar Night

মার্কিন যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তরে অবস্থিত আলাস্কার একটি ছোটো শহর উতকিয়াগভিক (Utqiagvik)। সুমেরু বৃত্তে (আর্কটিক সার্কেল) অবস্থান করছে শহরটি। এক সময় 'ব্যারো' নামে পরিচিত ছিল এই শীতলতম স্থানটি। মাত্র ৫ হাজার লোকের বসবাস এখানে। এই শহরে শনিবার, ১৮ নভেম্বর সর্বশেষ সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখা গেছে। আগামী দুই মাস আর সূর্য ওঠা দেখবেন না এখানকার মানুষ। সঠিক হিসাব ৬৫ দিন। এই সময় অর্থাৎ ৬৫ দিন অন্ধকারের মধ্যে থাকবে গোটা শহর। এই অন্ধকারের সময়টিকে বলা হয় 'পোলার নাইট'।

কেন এমনটা হয়?

এটি প্রতি বছরই ঘটে। পৃথিবীর অক্ষের হেলে পড়ার কারণে প্রতি বছর শীতকালে আলাস্কার শহরে এমন ঘটনা ঘটে। এই শহরে ফের সূর্যের দেখা মিলবে ২০২৪ সালের ২৩ জানুয়ারি। তবে পোলার নাইট কেবলমাত্র যে আলাস্কাতেই দেখা যায় তা নয়, আর্কটিক সার্কেলের অন্যান্য শহরেও শীতের মরশুমে দেখা যায় এই প্রাকৃতিক দৃশ্য।

আপনি যদি আর্কটিক সার্কেলের ওপরের দিকে বসবাস করেন, তাহলে শীতকালে সূর্যবিহীন একটি দিন অবশ্যই পাবেন। তবে গ্রীষ্মকালে কিন্তু এই অবস্থা পুরোপুরি উল্টো। সে সময় আবার সূর্য বেশ কয়েক দিনের জন্য অস্ত যায় না।

এই সময় আবহাওয়া কেমন থাকে?

নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত উতকিয়াগভিক শহরের তাপমাত্রা খুবই কম থাকে। জানা যায়, এই হিম রাত চলাকালীন তাপমাত্রা থাকে মোটামুটিভাবে মাইনাস ৫ থেকে মাইনাস ১০ ডিগ্রি ফারেনহাইট। শীতের মাত্রা বৃদ্ধির দিকে যা মাইনাস ২০ ডিগ্রি ফারেনহাইট পর্যন্তও পৌঁছে যায়।

পোলার নাইট কেন বলা হয়?

মেরু বৃত্তের অভ্যন্তরে যখন রাত ২৪ ঘণ্টারও বেশি সময় স্থায়ী হয় অর্থাৎ সূর্যোদয় হয় না, তখন তাকে বলা হয় 'পোলার নাইট'। এক্ষেত্রে 'রাত্রি' সংজ্ঞায়িত করা হয় যখন সূর্যের কেন্দ্র দিগন্তের নীচে থাকে।

X
Desktop Bottom Promotion