কাঠফাটা গরমে শরীরে জলের ঘাটতি পূরণ করবে এই ফলগুলি!

By Bhagysree Sarkar

প্যাচপ্যাচে গরমে অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছে। শরীরে এই সময় জলের খামতি দেখা দেয়। তবে এটাই স্বাভাবিক। কারণ, এই সময় ঘামের জন্য শরীরের প্রয়োজনীয় জল অনেকটাই বের হয়ে যায়। সেই ঘাটতি পূরণ না হলে দেখা দিতে পারে ডিহাইড্রেশন বা জলশূন্যতা। কিন্তু শুধু গরমের কারণেই নয়, ডায়েরিয়া, বমি, জ্বর ইত্যাদির জন্যও দেখা দিতে পারে জলের খামতি।

বিশেষজ্ঞরা বলেছেন, শরীরে জলের খামতি দেখা দিলে জলের পাশাপাশি খনিজ পদার্থের ঘাটতি হয়। তাই এই সময় ডাবের জল, ঘোল ইত্যাদি খাওয়া ভালো। আবার পটাশিয়ামের অভাব পূরণের জন্য নিয়মিত পাকা কলার খাওয়া ভালো অভ্যাস। তবে এড়িয়ে চলতে হবে কফি খাওয়া। অতিরিক্ত কফি শরীরে জলের ঘাটতি তৈরি করতে পারে। তাই গরমে কফি, তেলে ভাজা খাবার এড়িয়ে চলুন। তবে বেশ কিছু ফল রয়েছে, যা আপনার শরীরের জলের খামতি পূরণ করতে সক্ষম। যেমন -

watermelon
  • লেবু

গ্রীষ্মকাল মানেই আমরা লেবুর জল খেতে ভীষণ পছন্দ করি। এই গরমে লেবুর চেয়ে উপকারী আর কী হতে পারে! ভিটামিন সি যুক্ত এই ফলের রস আপনাকে সতেজ অনুভূতি দেবে সারাদিন। তবে লেবুর শরবতে খুব বেশি চিনি মেশাবেন না।

লেবুতে থাকা পটাশিয়াম শরীর সুস্থ রাখতে সাহায্য করে। ঘামের কারণে শরীরে খনিজের যে ঘাটতি তৈরি হয় তার অনেকটাই পূরণ করে লেবু। লেবুর প্রায় ৮৮ শতাংশই জল।

  • তরমুজ

মূলত গ্রীষ্মকালীন ফল এই তরমুজ। বাজারে ঢেলে বিক্রি হচ্ছে তরমুজ। গরমে একটু স্বস্তি পেতে খেতে পারেন এই ফল। এটি শরীরে জলের অভাব পূরণ করে। তরমুজে শতকরা ৯০ ভাগের বেশি জল থাকে। ফলে, জলশূন্যতা রোধে এটি হতে পারে একটি উপকারী খাবার। সঙ্গেই রয়েছে ফাইবার, ভিটামিন-এ, ভিটামিন-সি, পটাশিয়াম, অ্যান্টিঅক্সিড্যান্ট লাইকোপিন ও ম্যাগনেসিয়াম। যা তীব্র গরমেও আপনাকে সুস্থ রাখতে সাহায্য করবে।

  • আম

আম হলো ফলের রাজা। একাধিক পুষ্টিগুণে ভরা এই ফল শরীরের জন্য নানাভাবে উপকারী। তবে এতে রয়েছে প্রচুর ক্যালোরি। এই ফলে আছে ভিটামিন এ এবং সি, ফাইবার, সোডিয়ামসহ ২০টিরও বেশি খনিজ। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত আম খেলে বাড়ে রোগ প্রতিরোধ ক্ষমতা। সঙ্গেই এটি হৃদরোগ, ডায়াবেটিস, স্থুলতা ইত্যাদি সমস্যা প্রতিরোধেও সাহায্য করে। আমের প্রায় ৮৮ শতাংশই জল।

  • টমেটো

বাঙালিদের হেঁসেলে টমেটো খুব সহজেই পাওয়া যায়। টমেটো রান্না কিংবা কাঁচা, যেভাবেই খাবেন তা আপনার স্বাস্থ্যের জন্য ভালো। তবে সবচেয়ে বেশি উপকার পাবেন কাঁচা খেলে। এদেশে ও বিদেশে টমেটোর স্যালাড বেশ জনপ্রিয়। এতে আছে ভিটামিন এ, ভিটামিন বি ২, ভিটামিন সি, ক্রোমিয়াম, ফোলেট, ফাইবার, পটাশিয়াম এবং ফাইটোকেমিক্যাল-এর উপকারী পুষ্টি। বিশেষজ্ঞরা বলছেন, নিয়মিত টমেটো খেলে ক্যান্সার, হৃদরোগ ও অটোইমিউন ডিসঅর্ডারের ঝুঁকিও কমে যেতে পারে।

  • শসা

গরমের সময়ে আরেকটি সেরা ফল হল শসা। এটি জলশূন্যতা রোধ করতে সাহায্য করে। শসায় রয়েছে ভিটামিন কে, ম্যাগনেসিয়াম ও পটাশিয়াম। শসার প্রায় ৯৫ শতাংশই জল। এই ফলের সবচেয়ে উপকারী গুণ হল, এতে ক্যালোরির পরিমাণ খুবই কম। এছাড়াও, এটি ডিটক্স হিসেবেও ভালো কাজ করে। নিয়মিত শসা খেলে দূর হয় শরীরে জমে থাকা বিষাক্ত পদার্থ। এটি ত্বককে ভেতর থেকে পরিষ্কার রাখে। নিয়মিত শসা খেলে আপনার শরীর শীতল থাকবে।

Story first published: Thursday, April 25, 2024, 13:25 [IST]
X
Desktop Bottom Promotion