ঘন ঘন ভুলে যাচ্ছেন? ব্যবহারে আসছে বদল? ভয়ঙ্কর অ্যালঝাইমার্সে আক্রান্ত নন তো?

বয়স বাড়লে শারীরিক বিভিন্ন সমস্যার সঙ্গে পাল্লা দিয়ে বাড়তে থাকে মানসিক সমস্যাও। স্মৃতিশক্তি দুর্বল হতে থাকে। খুব সাধারণ বিষয়ও বেমালুম ভুলে যান অনেকে। একই বিষয় নিয়ে বার বার বলতে থাকেন। আপাত দৃষ্টিতে এই সমস্যা তুচ্ছ মনে হলেও, সব সময়ে কিন্তু তা মজার বিষয় নাও হতে পারে। স্মৃতিভ্রংশের সমস্যার সূচনা হয় এ ভাবেই। চিকিৎসা পরিভাষায় যাকে বলে অ্যালঝাইমার্স (Alzheimer's Disease)।

অ্যালঝাইমার্স রোগ হল এক ধরনের মস্তিষ্কের ব্যাধি। এতে মূলত স্মৃতিশক্তির উপর প্রভাব পড়ে। বেশিরভাগ ক্ষেত্রেই আমরা এই রোগ ধরতে পারি না। বাড়াবাড়ি হলে তারপর নজরে আসে। তাই এর উপসর্গগুলি জেনে রাখা জরুরি। তা হলে প্রাথমিক অবস্থাতেই রোগ নির্ণয় করা সহজ হবে।

Alzheimers Disease

স্মৃতিশক্তি হ্রাস পাওয়া

স্মৃতিশক্তির সমস্যা অ্যালঝাইমার্স রোগের প্রাথমিক উপসর্গ। এর ফলে দৈনন্দিন জীবনে নানা সমস্যার সম্মুখীন হতে হয়। এই রোগে আক্রান্ত ব্যক্তিরা সদ্য ঘটা কথোপকথন কিংবা ঘটনাগুলি ভুলে যেতে পারেন। যে কোনও বিষয় মনে রাখতে অসুবিধা হতে পারে। এছাড়া, জিনিসপত্র ভুল জায়গায় রাখা, গুরুত্বপূর্ণ কোনও তারিখ বা মুহূর্ত মনে রাখতে না পারা, স্থান এবং বস্তুর নাম ভুলে যাওয়া, সঠিক শব্দ ভাবতে সমস্যা হওয়া, একই প্রশ্ন বার বার জিজ্ঞাসা করতে থাকা - এই সব উপসর্গগুলি কোনও ব্যক্তির মধ্যে দেখা দিলেই সতর্ক হতে হবে।

অ্যালঝাইমার্স এই রোগে আক্রান্ত অনেক ব্যক্তি এটাও মনে করতে পারেন না যে তিনি কোথায় আছেন এবং কী ভাবেই বা সেখানে পৌঁছেছেন।

দৈনন্দিন কাজগুলি করতে অসুবিধা হওয়া

নিত্যদিনের খুব সাধারণ কিছু কাজ যেমন রান্না করা, টাকার হিসাব রাখা, স্নান করা, খাওয়া - এগুলি করার ক্ষেত্রে খুব অসুবিধা হলে বা ভুলে গেলে, তা কখনই হালকা ভাবে নেবেন না। এটি অ্যালঝাইমার্স রোগের লক্ষণ হতে পারে।

এক কথা বার বার বলা

একই বিষয় নিয়ে বার বার করে বলে যাওয়ার অভ্যাসও অ্যালঝাইমার্সের উপসর্গ। কিছু ক্ষণ আগে বলা কথা পরমুহূর্তে ভুলে যাওয়া এবং পুনরায় বলার প্রবণতা দেখা দেয় এই রোগীদের মধ্যে।

মেজাজ পরিবর্তন

মেজাজ বা ব্যক্তিত্বের পরিবর্তন অ্যালঝাইমার্স রোগের অন্যতম উপসর্গ। এক্ষেত্রে ঘন ঘন মনের অবস্থার বদল হয়। শারীরিক কোনও সমস্যা থেকেও মেজাজ বিগড়ে যায়। মুড স্যুইং, বিভ্রান্ত হওয়া, সন্দেহ করা, উদ্বিগ্ন বা চিন্তিত, অল্পতেই দুঃখ পাওয়া - এই সব লক্ষণ ঘন ঘন দেখা দিলেই সঙ্গে সঙ্গে চিকিৎসকের পরামর্শ নিন। এছাড়া, এই ব্যক্তিরা মাঝেমাঝে এমন আচরণ করেন, যা আগে তাদের মধ্যে দেখা যেত না।

কাজ শেষ করতে না পারা

অ্যালঝাইমার্সে আক্রান্ত ব্যক্তিরা কোনও কাজ সম্পূর্ণ করতে পারেন না। মাঝপথ থেকে কাজ ফেলে উঠে যাওয়ার প্রবণতা থাকে। রান্না হোক কিংবা বাজারের ফর্দ করা, কোনও কাজ শেষ না করে হঠাৎ উৎসাহ হারিয়ে ফেলেন এই ব্যক্তিরা।

Disclaimer: এই আর্টিকেলে উল্লিখিত সমস্ত তথ্য পরামর্শস্বরূপ। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Thursday, September 21, 2023, 17:58 [IST]
X
Desktop Bottom Promotion