গমের আটা ছেড়ে খান ‘মাল্টিগ্রেন’ আটার রুটি, সুস্থ থাকবেন সারা বছর!

আজকাল কেবল অভিনেতা অভিনেত্রীরাই নন, সাধারণ মানুষও নিজেদের স্বাস্থ্য নিয়ে বেশ সচেতন। শরীরের মেদ ঝরিয়ে 'স্লিম অ্যান্ড ট্রিম' থাকাটাই এখন সিংহভাগ আমজনতার লক্ষ্য। কারণ ওজন নিয়ন্ত্রণে থাকলেই শরীর ফিট থাকবে, পাশাপাশি বিভিন্ন অসুস্থতার ঝুঁকিও কমবে। তাই কেউ কেউ রোজের ডায়েট থেকে একেবারেই বাদ দেন ভাত, রুটি। কিন্তু তিন বেলা শুধু সেদ্ধ শাকসব্জি খেয়ে তো পেট ভরানো যায় না। তা হলে খিদে মেটাবেন কী ভাবে?

পুষ্টিবিদেরা বলছেন, পরিমিত পরিমাণে সব খাবার খেয়েও কিন্তু ছিপছিপে থাকা যায়। গমের আটার পরিবর্তনে ইদানীং মাল্টিগ্রেন আটার জনপ্রিয়তা বেশ বৃদ্ধি পেয়েছে। সেই আটা দিয়ে তৈরি রুটি কিংবা পাউরুটি খেলে শরীরের উপকারই হয়।

multigrain atta

পুষ্টিগুণে ভরপুর

মাল্টিগ্রেন আটায় একাধিক শস্য থাকে। ভিটামিন, ফাইবার, খনিজে ভরপুর এই আটা। তাই গমের আটার চেয়ে মাল্টিগ্রেন আটার রুটি খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই ভালো।

অন্ত্রের স্বাস্থ্য ভালো রাখে

মাল্টিগ্রেন আটায় থাকা ওটস, বার্লি এবং বাজরার মতো শস্যগুলিতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে। ফাইবার ভালো হজমে সহায়তা করে, কোষ্ঠকাঠিন্যের সমস্যা কমায় এবং অন্ত্র ভালো রাখে।

ওজন কমায়

মাল্টিগ্রেন রুটিতে ফাইবার থাকে প্রচুর পরিমাণে। এই ফাইবার অনেক ক্ষণ পর্যন্ত পেট ভর্তি রাখে এবং বার বার খিদে পাওয়ার প্রবণতা কমায়। যা ওজন নিয়ন্ত্রণে সাহায্য করে।

হার্টের জন্য উপকারী

ওট্‌স, বার্লির মতো দানাশস্য রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমায় এবং কার্ডিওভাসকুলার স্বাস্থ্যের উন্নতি করে। তাই মাল্টিগ্রেন আটার রুটি খাওয়া হার্টের জন্য খুবই উপকারী।

রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখে

যাঁদের ডায়াবেটিস রয়েছে, চিকিৎসকেরা তাঁদের এমন খাবার খেতে বলেন যেগুলির গ্লাইসেমিক ইনডেক্স কম। গমের আটার চেয়ে মাল্টিগ্রেন আটায় গ্লাইসেমিক ইনডেক্স খুবই কম, যা ডায়াবেটিসের ঝুঁকি কমায় এবং রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে।

অ্যান্টি-অক্সিড্যান্টে ভরপুর

বিভিন্ন প্রকার দানাশস্য থেকে তৈরি আটায় অ্যান্টি-অক্সিড্যান্টের পরিমাণ বেশি। এই অ্যান্টি-অক্সিড্যান্ট অক্সিডেটিভ স্ট্রেস নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। ফলে বিভিন্ন ধরনের দীর্ঘস্থায়ী অসুস্থতার ঝুঁকি কমে। এর পাশাপাশি ত্বক, চুলও ভালো থাকে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা। কোনও সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।

Story first published: Wednesday, January 3, 2024, 22:10 [IST]
X
Desktop Bottom Promotion