চুলের যে কোনও সমস্যায় একাই একশো মেথি! কী কী ভাবে ব্যবহার করা যায়?

চুলের পরিচর্যায় অনেকেই অনেক ধরনের উপায় অনুসরণ করেন। কখনও নামীদামী হেয়ার প্যাক, কখনও দামী তেল শ্যাম্পু কন্ডিশনার, আবার কখনও নানা রকমের হেয়ার ট্রিটমেন্ট। তারপরেও চুলের হাল ফেরে না। বরং প্রতিদিনই গোছা গোছা চুল ঝরে পড়ছে, ডগা ফাটছে, খুশকি দেখা দিচ্ছে, চুল রুক্ষ হয়ে যাচ্ছে।

চুল নিয়ে হাজারও সমস্যা রয়েছে। এত সব সমস্যা মেটাতে কাড়ি কাড়ি টাকা খরচ না করে ভরসা রাখতে পারেন মেথির উপর। ভিটামিন এ, সি এবং কে, ফলিক অ্যাসিড, ক্যালশিয়াম, আয়রন, পটাশিয়াম এবং প্রোটিন সমৃদ্ধ মেথি স্ক্যাল্প সুস্থ রাখে, চুল পড়া কমায় এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে। জেনে নিন, মেথি চুলের কোন কোন উপকারে লাগে এবং কী ভাবে এটি ব্যবহার করা যায়।

Fenugreek Seeds for Hair

চুলে মেথি বীজের উপকারিতা

চুলের বৃদ্ধিতে সাহায্য করে
চুল লম্বা করতে মেথির জুড়ি মেলা ভার। মেথি বীজ চুলের ফলিকলে পুষ্টি যোগায় এবং স্ক্যাল্পে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুলের বৃদ্ধিতে সাহায্য করে। মেথিতে রয়েছে প্রোটিন এবং নিকোটিন অ্যাসিড, যা লম্বা চুলের অন্যতম রহস্য। তাছাড়া, মেথির প্রোটিন চুল মজবুত করে এবং চুল পড়া কমায়।

চুল পড়া কমায়
মেথির গুণেই কমতে পারে চুল পড়া। মেথি বীজে রয়েছে হরমোন-নিয়ন্ত্রক যৌগ, যা হরমোনের ভারসাম্যহীনতার কারণে চুল পড়া রোধ করে। মেথিতে অ্যান্টিমাইক্রোবিয়াল বৈশিষ্ট্যও রয়েছে, যা স্ক্যাল্পে ইনফেকশন হতে দেয় না এবং চুল পড়া কমায়।

খুশকি কমায়
মেথির মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল এবং অ্যান্টি-ব্যাক্টেরিয়াল উপাদান। যা খুশকি থেকে স্ক্যাল্প ও চুলকে রক্ষা করে। স্ক্যাল্পের প্রদাহ, চুলকানি বা র‌্যাশের সমস্যা হলে তাও কমিয়ে দিতে পারে মেথি।

চুলে মেথি কী ভাবে ব্যবহার করবেন

মেথি বীজের হেয়ার মাস্ক
মেথি বীজ সারারাত ভিজিয়ে রাখুন। পরদিন এই ভেজানো মেথি মিহি করে বেটে নিন। এতে এক টেবিল চামচ নারকেল তেল বা টক দই মিশিয়ে স্ক্যাল্প এবং পুরো চুলে ভাল ভাবে লাগান। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

মেথি বীজের জল
দুই টেবিল চামচ মেথি দুই কাপ জলে দিয়ে মিনিট ১৫ মতো ফুটিয়ে নিন। জলটি ঠাণ্ডা করে ছেঁকে নিন। শ্যাম্পু করার পর এই জল দিয়ে মাথা ধুয়ে ফেলুন। এই মেথি জল মাথায় ঢালার সময় আলতো হাতে স্ক্যাল্পে ম্যাসাজ করুন। তারপর কয়েক মিনিট রেখে সাধারণ জল দিয়ে চুল ধুয়ে নিন।

মেথি তেল
নারকেল তেল বা অলিভ অয়েলে এক টেবিল চামচ মেথি দিয়ে গরম করে নিন। মেথির বীজগুলি হালকা বাদামী না হওয়া পর্যন্ত গরম করুন। এই মেথি তেল ঠান্ডা করে ছেঁকে নিন। স্ক্যাল্পে ও চুলে মেথি বীজের তেল মালিশ করুন কিছুক্ষণ। এক ঘণ্টা পর শ্যাম্পু করে ফেলুন।

Story first published: Friday, August 25, 2023, 17:47 [IST]
X
Desktop Bottom Promotion