জেল্লা হারাচ্ছে ক্রমশ? মুখ ভরছে দাগছোপে? রোজের এই ৮ অভ্যাসই ডাকছে বিপদ!

ত্বকের কোমলতা ও জেল্লা ধরে রাখতে চেষ্টায় খামতি রাখেন না কেউই। নামীদামী পণ্য থেকে ঘরোয়া টোটকা, রুপচর্চার রুটিন থেকে বাদ যায় না কিছুই। কিন্তু তা সত্ত্বেও ত্বক রুক্ষ ও নির্জীব হয়ে পড়ে। বলিরেখা, দাগছোপ, ব্রণ, ডার্ক সার্কেল দেখা দেয়।

এত চেষ্টা করেও ত্বকের হাল ক্রমশ কেন খারাপ হচ্ছে, তার নেপথ্যে থাকতে পারে রোজকার কিছু বদভ্যাস। জেনে নিন, কোন কোন বদভ্যাসের কারণে ত্বকের ক্ষতি হয়।

Bad beauty habits

মেকআপ না তুলে ঘুমানো
রাতে শুতে যাওয়ার আগে অবশ্যই ভাল ভাবে মুখ পরিষ্কার করুন। মেকআপ তুলে তবেই ঘুমাতে যান। সারা দিন ধরে ত্বকে প্রচুর ধুলোবালি, ময়লা, তেল, ঘাম জমতে থাকে। এগুলি ত্বকের ছিদ্র আটকে দেয়। যার ফলে ব্রণ, পিম্পল, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস হতে পারে। তাই ঘুমানোর আগে ফেসওয়াশ বা ক্লিনজার দিয়ে মুখ পরিষ্কার করা জরুরি।

ত্বক ময়েশ্চারাইজ না করা
ঘুমাতে যাওয়ার আগে ত্বকে অবশ্যই ময়েশ্চারাইজার লাগান। হাইড্রেট এবং কোমল ত্বক পেতে হলে ময়েশ্চারাইজার লাগাতেই হবে। চর্মরোগ বিশেষজ্ঞের মতে, শোওয়ার আগে ময়েশ্চারাইজার লাগালে ত্বক আর্দ্র থাকে। তবে অবশ্যই আপনার ত্বকের ধরন অনুযায়ী ময়েশ্চারাইজার কিনুন।

সারা রাত চুলে তেল লাগিয়ে রাখা
চুলের পরিচর্যায় তেল লাগানো খুবই উপকারী। কিন্তু সারা রাত চুলে তেল লাগিয়ে রাখা খুবই খারাপ। চুলে সারা রাত তেল লাগানো থাকলে, ত্বকে তেল প্রবেশ করতে পারে। যার ফলে ত্বকের ছিদ্র আটকে যায় এবং ব্রণ-পিম্পল দেখা দেয়।

শোওয়ার আগে মদ্যপান
বিশেষজ্ঞদের মতে, ঘুমানোর আগে মদ্যপান করলে হ্যাংওভার তো হয়ই, এ ছাড়াও মুখ ফুলে যেতে পারে। অ্যালকোহল ডিহাইড্রেশনের কারণ এবং ঘুমে ব্যাঘাত ঘটাতে পারে। যার ফলে ত্বকে খারাপ প্রভাব পড়ে। ত্বক সুস্থ রাখতে হলে মদ্যপান থেকে দূরে থাকুন, বিশেষ করে শোওয়ার আগে না পান করাই ভাল।

ধূমপান করা
সিগারেটে নিকোটিনের পরিমাণ বেশি। নিকোটিন ত্বকের বলিরেখা বা রিঙ্কেলসের সমস্যা বাড়িয়ে দেয়। চামড়া কুঁচকে যায়। ত্বকে পর্যাপ্ত পুষ্টি এবং অক্সিজেনের সরবরাহ কমিয়ে দেয়। ত্বকে প্রয়োজনীয় কোলাজেন এবং প্রোটিন তৈরি হতে দেয় না। যার ফলে ত্বকের ক্ষতি হয়।

ঘুম না হওয়া
ত্বক ভাল রাখতে পর্যাপ্ত ঘুম হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাতে কোলাজেন তৈরি করে ত্বক। ঘুম ঠিকমতো না হলে ত্বকের উপর সবচেয়ে বেশি প্রভাব পড়ে। ত্বক নিস্তেজ হয়ে যায়, ডার্ক সার্কেল এবং ত্বকে প্রদাহ বাড়ে। তাই ত্বক সুস্থ-সবল রাখার জন্য রাতে ৭-৯ ঘণ্টা ভাল ঘুম অত্যন্ত প্রয়োজনীয়।

ত্বক অতিরিক্ত এক্সফোলিয়েট করা
ত্বক ভেতর থেকে পরিষ্কার রাখার জন্য এক্সফোলিয়েট বা স্ক্রাব করা খুবই প্রয়োজন। স্ক্রাব ব্যবহার করার ফলে ত্বকের মৃত কোষ, ময়লা, ব্ল্যাকহেডস, হোয়াইটহেডস ইত্যাদি দূর হয়ে ত্বক মসৃণ হয়। কিন্তু অতিরিক্ত এক্সফোলিয়েট বা স্ক্রাব করলে ত্বকের বিরাট ক্ষতি হতে পারে। অত্যধিক ঘষাঘষির ফলে ত্বকে রুক্ষ-শুষ্কভাব, কালো দাগছোপ, পিগমেন্টেশন দেখা দিতে পারে। সপ্তাহে দু'বার স্ক্রাব করতে পারেন।

সানস্ক্রিন ব্যবহার না করা
সূর্যের ক্ষতিকারক UV রশ্মি থেকে ত্বককে রক্ষা করতে সানস্ক্রিন ব্যবহার অপরিহার্য। সানস্ক্রিন ত্বককে রোদে পোড়ার হাত থেকে রক্ষা করে, ত্বকে বলিরেখা পড়তে দেয় না এবং ত্বকের ক্যান্সারের ঝুঁকি কমায়। এমনকি মেঘলা দিনেও সানস্ক্রিন প্রয়োগ করা উচিত।

X
Desktop Bottom Promotion