চুল পড়া কমবে, লম্বাও হবে তাড়াতাড়ি! এই ৭ ভেষজই দেখাবে কামাল

লম্বা, ঘন, কালো চুলের শখ অনেকেরই থাকে। কিন্তু শখ থাকলেই যে তা সহজে পাওয়া যাবে, এমনটা নয়। তার জন্য চাই উপযুক্ত পরিচর্যা। অস্বাস্থ্যকর খাদ্যভ্যাস, দূষণ, স্ট্রেস, হরমোনের ভারসাম্যহীনতা এবং পরিচর্যার অভাবে চুল নিষ্প্রাণ হয়ে পড়ে। বাড়তে থাকে খুশকি ও চুল পড়ার সমস্যা।

চুলের এই সব সমস্যা থেকে মুক্তি পেতে নামীদামী প্রসাধনী ব্যবহার করেন অনেকে। আবার অনেকেই প্রাকৃতিক উপাদানের উপর বেশি ভরসা রাখেন। আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, চুলের পরিচর্যায় প্রসাধনীর পিছনে জলের মতো পয়সা খরচ না করে, ঘরোয়া টোটকা বা ভেষজের উপর ভরসা রাখাই ভাল।

Ayurvedic Powders for Hair Regrowth

এমন কিছু ভেষজ রয়েছে, যেগুলি সত্যিই চুল পড়া বন্ধ করে এবং চুলের ঘনত্ব বাড়াতে কার্যকরী ভূমিকা পালন করে। জেনে নিন কোন কোন ভেষজ চুলের যত্নে উপকারী।

ভৃঙ্গরাজ পাউডার

চুলের বৃদ্ধি থেকে চুল পড়া রোধ এবং চুলের রঙ বজায় রাখা, ভৃঙ্গরাজের কোনও বিকল্প নেই। চুলের যে কোনও সমস্যার সমাধান করতে পারে নিমেষেই। তাই তো চুলের জন্য ভৃঙ্গরাজকে "কিং অফ হার্বস" বলা হয়। হেয়ার মাস্কে বা তেলের সঙ্গে ভৃঙ্গরাজ পাউডার মিশিয়ে চুলে লাগাতে পারেন।

আমলকি পাউডার

ভিটামিন সি এবং অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর আমলকি। এই ভেষজ চুলের বৃদ্ধি ঘটায়, চুলের অকালপক্কতা রোধ করে এবং জেল্লা বাড়ায়। আমলকির পাউডারের সঙ্গে সামান্য জল মিশিয়ে মাথায় লাগালেই ফল পাবেন হাতেনাতে!

নিম পাউডার

নিমের মধ্যে রয়েছে অ্যান্টিমাইক্রোবিয়াল গুণ। যা খুশকি, স্ক্যাল্পের জ্বালাপোড়া এবং চুলকানি কমাতে সাহায্য করে। হেয়ার মাস্কের সঙ্গে নিম পাউডার মিশিয়ে স্ক্যাল্পে ও চুলে লাগাতে পারেন।

জবা পাউডার

জবা ভিটামিন, অ্যামিনো অ্যাসিড এবং অ্যান্টিঅক্সিডেন্টে পরিপূর্ণ। জবার পাউডার ব্যবহারে চুল মজবুত হয়, চুল পড়া কমে এবং স্ক্যাল্প সুস্থ থাকে। হেয়ার মাস্কের সঙ্গে এই পাউডার মিশিয়ে চুলে লাগাতে পারেন।

মেথি পাউডার

মেথি বীজ প্রোটিন এবং নিকোটিনিক অ্যাসিড সমৃদ্ধ। যা চুলের বৃদ্ধিতে সাহায্য করে এবং চুলের ফলিকল মজবুত রাখে। টক দই বা জলের সঙ্গে মেথি গুঁড়ো মিশিয়ে হেয়ার মাস্ক তৈরি করতে পারেন।

শিকাকাই পাউডার

শিকাকাই চুলের বৃদ্ধিতে সাহায্য করে, চুল ও স্ক্যাল্প পরিষ্কার রাখে, চুল ঝলমলে করে তোলে এবং খুশকি প্রতিরোধ করে। তাই চুলের পরিচর্যায় রাখতেই পারেন শিকাকাই পাউডার।

তুলসি পাউডার

তুলসির গুণাগুণ সম্পর্কে আমরা প্রায় সকলেই অবগত। তুলসীতে রয়েছে অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিফাঙ্গাল বৈশিষ্ট্য। যা স্ক্যাল্প সুস্থ রাখে এবং খুশকি প্রতিরোধ করে।

Story first published: Monday, August 21, 2023, 16:54 [IST]
X
Desktop Bottom Promotion