বাড়িতে বাস্তুদোষের সমস্যা? পয়লা বৈশাখের দিন বাস্তুদোষ ও আর্থিক সমস্যা মেটাতে করুন এই ঘরোয়া টোটকাগুলি

By Bhagysree Sarkar

রবিববার পড়েছে এবছরের পয়লা বৈশাখ। বাস্তুশাস্ত্র মতে, বছরের প্রথম দিনটি আপনার যেকোনও কাজের জন্যই শুভ একটি দিন। নতুন কোন ব্যবসা বা যেকোনও কাজ শুরু করতে হলে এইদিনটির বিকল্প নেই।

আপনার বাড়ির জন্য শুভ এবং জীবনে সুখ-সমৃদ্ধি কীভাবে আসবে তার জন্য জ্যোতিষবিদরা কিছু বিশেষ টিপস্ দিয়েছেন। তাতে উল্লেখ্য এইদিন অত্যন্ত শুভ। তাহলে চলুন দেখে নেওয়া যাক শুভ ওইদিনে কী কী করণীয়-

Poila Baisakh

১. যদি আপনার বাড়িতে বাস্তুদোষ থাকে, তবে এই শুভ দিনটিতে আপনি বেশকিছু ঘরোয়া টোটকা করতে পারেন। জ্যোতিষবিদরা বলছেন, এইদিন স্নান করে শুদ্ধ কাপড় পরে গঙ্গাজল বা পরিষ্কার জলে সাতটি আমপাতা ধুয়ে ফেলতে হবে। এরপর একটি পাত্রে অল্প পরিমাণে তেল, হলুদ এবং সিঁদুর মিশিয়ে নিন। এই মিশ্রণটি দিয়ে এবার ওই আমপাতাগুলিতে ফোঁটা দিতে হবে। পরপর সাতটি আমপাতা একটি লাল সুতো দিয়ে বেঁধে দরজার উপরে টাঙিয়ে ফেলতে হবে। এরপর বাড়ির দরজায় ধূপ দেখিয়ে একটি কোণে পুঁতে দিতে হবে। সেটা বাড়ির দক্ষিণ-পূর্ব কোণে রাখলে বেশি ভালো হবে।

২. শুভ এইদিনে আপনি বাড়ির মন্দিরে লক্ষ্মীর ঘটের উপরে পাঁচটি কড়ি রেখে দিন। এরপর প্রতি বৃহস্পতিবার সেই কড়ি-সহ লক্ষ্মী দেবীর আরাধনা করুন। জ্যোতিষবিদরা বলছেন, আপনার এই কাজে মাতা লক্ষ্মী প্রসন্ন হবেন। ফলে গৃহস্থে শ্রীবৃদ্ধি ঘটবে, আর্থিক অনটনও মিটবে।

৩. পয়লা বৈশাখের শুভদিনে অনেক ব্যবসায়ী হালখাতার রীতি পালন করেন। এদিন মন্দিরে পূজো দিয়ে, নতুন খাতায় লাল সিন্দুর দিয়ে স্বস্তিক চিহ্ন আঁকা হয়। তার নীচে তিনটি বা পাঁচটি কয়েনের ছাপ দিয়ে লাল কালিতে 'গণপতায় নমঃ' লিখে দেওয়া হয়। তবে আপনি চাইলে এই কাজটি বাড়িতেও করতে পারেন।

৪. জ্যোতিষবিদরা মনে করেন, এইদিন বাড়িতে গণেশ ঠাকুরের মূর্তি স্থাপন করা উচিত। এতে সংসারে আর্থিক স্বচ্ছলতা বজায় থাকে। আপনি গণেশের সঙ্গে মাতা লক্ষ্মীরও পূজো করতে পারেন। তবে নিয়মিত পুজো করে যাবেন।

৫. এছাড়াও, সনাতন ধর্ম অনুসারে গোমাতা বা গোরুর মধ্যে দেবতা বিরাজ করেন। তাই এই শুভদিনে আপনি রাস্তায় যেকোনও গরুকে কিছু খাওয়াতে পারেন। শুধু তাই নয়, পথের যেকোনও পশুকেই আপনি খাবার খাওয়াতে পারেন।

৬. পাশাপাশি পয়লা বৈশাখের সন্ধ্যায় আপনি বাড়িতে ধূপ-ধুনো দিতে পারেন। তবে শুধু ধুনো নয়, ধুনোর মধ্যে কর্পূর, তেজপাতা এবং সাতটি লবঙ্গ দিয়ে তা সারা বাড়িতে ঘোরান। এতে ইতিবাচক শক্তির প্রভাব বাড়বে বলে মনে করা হয়।

Story first published: Tuesday, April 9, 2024, 20:20 [IST]
X
Desktop Bottom Promotion