Padmini Ekadashi 2023: পদ্মিনী একাদশী কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ ও তাৎপর্য

Padmini Ekadashi 2023: শ্রাবণ মাসের শুক্লপক্ষের একাদশী তিথিতে পালন করা হয় পদ্মিনী একাদশী। অধিক মাসে এই ব্রত পালিত হয়। সাধারণত ৩ বছর অন্তর আসে অধিক মাস। আর এই অধিক মাসেই একাদশীর দিন পালিত হয় পদ্মিনী একাদশী।

কথিত আছে, এই ব্রত পালনে শ্রী বিষ্ণুর বিশেষ আশীর্বাদ পাওয়া যায় এবং সারা বছরের একদশীর পুণ্য লাভ করা সম্ভব হয়। জেনে নিন চলতি বছর পদ্মিনী একাদশী কবে এবং এর পূজা বিধি ও মাহাত্ম্য সম্পর্কে।

Padmini Ekadashi 2023

পদ্মিনী একাদশী তিথি ও শুভক্ষণ
একাদশী তিথি শুরু হবে ২৮ জুলাই, দুপুর ২টো ৫১ মিনিটে এবং শেষ হবে ২৯ জুলাই দুপুর ১টা ০৫ মিনিটে। উদয় তিথি অনুসারে ২৯ জুলাই, শনিবার পালিত হবে পদ্মিনী একাদশী ব্রত।

পদ্মিনী একাদশীর পূজা বিধি
একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। বাড়ির মন্দিরে প্রদীপ জ্বালিয়ে শ্রী বিষ্ণুর সামনে ব্রত পালনের সংকল্প নিন। তারপর শ্রী বিষ্ণুর জলাভিষেক করুন এবং তাঁকে নতুন বস্ত্র পরান। বিষ্ণু মূর্তি সুন্দর করে সাজান এবং চন্দন লাগান। হলুদ রঙের ফুল, ফল, মিষ্টি, তুলসি, অক্ষত, চন্দন, দূর্বা নিবেদন করুন। ধূপ, প্রদীপ জ্বালিয়ে সঠিক নিয়ম মেনে বিষ্ণু পুজো সম্পন্ন করুন।

পুজোর সময় বিষ্ণু মন্ত্র জপ করবেন। পদ্মিনী একাদশীর ব্রত কথা এবং বিষ্ণু চালিসা পাঠ করুন। সন্ধ্যায় আরতি করবেন। সারা দিন উপবাস করুন এবং সন্ধ্যায় ফলাহার করতে পারেন। দ্বাদশীর দিন ব্রত ভঙ্গ করুন।

পদ্মিনী একাদশীর তাৎপর্য
পদ্মিনী একাদশী অধিক মাসে পড়ে। যে কারণে প্রতি তিন বছর অন্তর অন্তর আসে এই একাদশী তিথি। অধিক মাসে পড়ার কারণে এই একাদশীর দ্বিগুণ ফল পাওয়া যায়। প্রচলিত বিশ্বাস, যে ব্যক্তি ভক্তিভরে পদ্মিনী একাদশীর ব্রত পালন করেন, তাঁর জীবনে সুখ, সমৃদ্ধির অভাব হয় না। এই ব্রত পালনে সন্তান, যশ, খ্যাতি লাভ হয়। বৈকুণ্ঠ ধাম লাভ করা যায়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion