Mohini Ekadashi 2023: বিষ্ণুর নারী রুপের পূজো করা হয় মোহিনী একাদশীতে, জেনে নিন তিথি ও শুভক্ষণ

হিন্দু পঞ্জিকা অনুসারে, বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি মোহিনী একাদশী নামে পরিচিত। এ দিন ভগবান বিষ্ণুর মোহিনী রূপের পূজা করার রীতি রয়েছে। কথিত আছে, যে ব্যক্তি মোহিনী একাদশীর ব্রত পালন করেন, তিনি মোহমায়ার জট থেকে মুক্ত হয়ে মোক্ষ লাভ করে এবং তার সকল পাপ নাশ হয়। চলুন জেনে নেওয়া যাক, মোহিনী একাদশীর তিথি, শুভ মুহূর্ত, পূজা বিধি ও তাৎপর্য সম্পর্কে।

Mohini Ekadashi 2023

মোহিনী একাদশী তিথি ও শুভক্ষণ
২০২৩ সালে, মে মাসের প্রথম দিনেই পড়েছে মোহিনী একাদশী। একাদশী তিথি শুরু ৩০ এপ্রিল রাত ৮টা ২৮ মিনিটে এবং পয়লা মে রাত ১০টা ০৯ মিনিটে শেষ হবে। উদয় তিথি অনুসারে একাদশী উদযাপিত হবে পয়লা তারিখ।

একাদশী তিথির দিন দু'টি শুভ যোগ তৈরি হচ্ছে - রবি যোগ সকাল ৫টা ৪১ থেকে সন্ধ্যা ৫টা ৫১ মিনিট পর্যন্ত থাকবে। আর, ব্রহ্ম মুহূর্ত থেকে বেলা ১১টা ৪৫ মিনিট পর্যন্ত থাকবে ধ্রুব যোগ।

পূজা বিধি
একাদশীর দিন ব্রহ্ম মুহুর্তে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। এর পরে কলশ স্থাপন করুন। শ্রী বিষ্ণুর মূর্তি স্নান করিয়ে সুন্দর করে সাজিয়ে দিন। নতুন জামাকাপড় পরান। ফুল, ফল, অক্ষত, মালা, চন্দন, হলুদ বস্ত্র, হলুদ মিষ্টি নিবেদন করুন। ধূপ ও প্রদীপ জ্বালান। সঠিক বিধি মেনে পূজার্চনা করুন। পূজার সময় বিষ্ণু মন্ত্র জপ করুন। পূজা শেষে আরতি করুন।

মোহিনী একাদশীর তাৎপর্য
পৌরাণিক কাহিনী অনুসারে, সমুদ্র মন্থন থেকে উঠে আসা অমৃত নিয়ে দেবতা ও অসুরদের মধ্যে ভয়ানক যুদ্ধ বাঁধে। প্রথমে অসুররা সেই অমৃতের ভাণ্ডার জোর করে অধিকার করে। কিন্তু অসুররা অমৃত খেয়ে অমরত্ব লাভ করলে গোটা সৃষ্টির সামনে বিরাট বিপদ। তাই, অসুরদের থেকে বিশ্বজগতকে রক্ষা করার জন্য শ্রী বিষ্ণু মোহিনী রূপ ধারণ করে অসুরদের তাঁর মায়ার জালে আটকে রেখেছিলেন। সেই সময় দেবতারা সমস্ত অমৃত ভক্ষণ করেন। এর ফলে সকল দেবতা অমরত্ব লাভ করেন।

মনে করা হয়, যে দিন বিষ্ণু মোহিনী রূপ ধারণ করেছিলেন, সে দিনটা ছিল বৈশাখ মাসের শুক্লপক্ষের একাদশী তিথি। তাই এই দিনটি মোহিনী একাদশী নামে পরিচিত। বিশ্বাস করা হয়, মোহিনী একাদশীর ব্রত পালনে সৌভাগ্য বৃদ্ধি পায়, অসীম সৌন্দর্য এবং তীক্ষ্ণ বুদ্ধি প্রাপ্তি হয়।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, April 25, 2023, 15:12 [IST]
X
Desktop Bottom Promotion