Makar sankranti 2023: সংক্রান্তিতে গঙ্গা স্নান করবেন? অবশ্যই যান এই ৫ পবিত্র স্থানে!

হিন্দু উৎসবগুলির মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল মকর সংক্রান্তি। এই তিথিতে সূর্য ধনু থেকে মকর রাশিতে প্রবেশ করে। তাই সূর্যদেবকে উৎসর্গ করে সংক্রান্তিতে বিশেষ পুজো করা হয়। সারা দেশে পুণ্যার্থীরা গভীর শ্রদ্ধার সঙ্গে এই দিনটি পালন করেন। এ দিন পুণ্যার্থীরা গঙ্গা স্নান করে পুণ্য অর্জন করেন। কথিত আছে, মকর সংক্রান্তির দিন গঙ্গা স্নান করলে সাত জন্মের পাপ ধুয়ে যায়। এই বিশ্বাসের ভিত্তিতেই সংক্রান্তির দিন ভক্তরা গঙ্গা স্নান এবং দান-ধ্যান করেন।

Famous Ganga Ghats in India for Holy Bath on makar sankranti

সংক্রান্তির পুণ্য তিথিতে ভোর থেকেই গঙ্গার ঘাটে ভিড় করেন অগুণতি মানুষ। তবে এই দিন বিশেষ কিছু স্থানে গঙ্গা স্নানের মাহাত্ম্যই আলাদা। দেখে নিন, মকর সংক্রান্তি উপলক্ষ্যে কোন কোন পবিত্র স্থানে গঙ্গা স্নানের জন্য যেতে পারেন-

গঙ্গা সাগর

গঙ্গা সাগর

কলকাতা থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত গঙ্গাসাগর। হিন্দু ধর্মাবলম্বীদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান। গঙ্গা নদী ও বঙ্গোপসাগরের এই মিলন স্থলে মকর সংক্রান্তির দিন বহু তীর্থযাত্রীর সমাগম হয়। সংক্রান্তি উপলক্ষ্যে কপিল মুনির আশ্রম প্রাঙ্গনে প্রায় এক সপ্তাহ ধরে চলে গঙ্গাসাগর মেলা।

সগর রাজার পুত্রদের জীবন বিসর্জন ও গঙ্গা নদীর মর্ত্যে আগমনের কাহিনী জড়িয়ে রয়েছে গঙ্গাসাগরের সঙ্গে। বিশ্বাস করা হয়, যে ব্যক্তি সংক্রান্তির দিন গঙ্গাসাগরে ডুব দেয়, তিনি ১০ অশ্বমেধ যজ্ঞ এবং এক হাজার গরু দান করার সমান ফল পান।

ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ

ত্রিবেণী সঙ্গম, প্রয়াগরাজ

ত্রিবেণী সঙ্গম অর্থ হল তিন নদীর সঙ্গম স্থল বা মিলন বিন্দু। উত্তরপ্রদেশের এলাহাবাদে (প্রয়াগরাজ) গঙ্গা, যমুনা ও সরস্বতী এই তিন নদীর মিলন স্থলটি হিন্দু ধর্মাবলম্বীদের তীর্থস্থান হিসেবে পরিচিত। একেই বলা হয় ত্রিবেণী সঙ্গম। মকর সংক্রান্তির পুণ্য তিথিতে প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে রাজকীয় স্নানের আয়োজন করা হয়। এ ছাড়াও, প্রতি ১২ বছরে একবার করে এখানে কুম্ভমেলা অনুষ্ঠিত হয়।

হরিদ্বার

হরিদ্বার

হিন্দুদের অন্যতম তীর্থস্থান হরিদ্বার। মকর সংক্রান্তি উপলক্ষে গঙ্গা স্নানের জন্য হরিদ্বারে বহু ভক্তের সমাগম হয়। গঙ্গা স্নানের জন্য হরিদ্বারে অনেকগুলি ঘাট রয়েছে, তবে হর কি পৌরি সবচেয়ে জনপ্রিয়। প্রতি বছর সংক্রান্তিতে হরিদ্বারে মেলারও আয়োজন করা হয়। কথিত আছে, হরিদ্বারে গঙ্গায় ডুব দিলে সকল পাপ নাশ হয়। পুরাণ অনুযায়ী, এখানেই মা গঙ্গা মহাদেবের জটা থেকে মুক্তি পেয়ে পৃথিবীতে অবতরণ করেন।

কাশী

কাশী

বারাণসী বা বেনারসের গঙ্গার ঘাট সম্পর্কে আমরা সকলেই অবগত। উত্তরপ্রদেশের বারাণসীতে অবস্থিত কাশী বিশ্বনাথ মন্দির গঙ্গা নদীর পশ্চিম তীরে অবস্থিত। হিন্দু বিশ্বাস অনুযায়ী, "জ্যোতির্লিঙ্গ মন্দির" নামে পরিচিত শিবের বারোটি পবিত্রতম মন্দিরের অন্যতম কাশী বিশ্বনাথ মন্দির। এই মন্দিরের প্রধান দেবতা শিব "বিশ্বনাথ" বা "বিশ্বেশ্বর" নামে পূজিত হন। মকর সংক্রান্তির দিন কাশীতে গঙ্গা স্নানের জন্য হাজার হাজার মানুষের সমাগম ঘটে। এ দিন কাশীর মন্দিরে খিচড়ি মহোৎসবেরও আয়োজন হয়।

ঋষিকেশ

ঋষিকেশ

হিন্দুদের অন্যতম পবিত্র স্থান ঋষিকেশ। মকর সংক্রান্তি উপলক্ষ্যে বহু ভক্ত ঋষিকেশেও গঙ্গা স্নানের জন্য ভিড় করেন। ঋষিকেশের নির্মল পরিবেশে বেশ কয়েকটি বিখ্যাত আশ্রম রয়েছে। ঋষিকেশকে কেদারনাথ, বদ্রীনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রীর প্রবেশদ্বার বলা হয়।

Story first published: Wednesday, January 11, 2023, 13:24 [IST]
X
Desktop Bottom Promotion