Kojagari Lakshmi Puja 2023: কোজাগরী পূর্ণিমায় কখন করবেন লক্ষ্মী পুজো? জানুন তিথি ও শুভক্ষণ

Kojagari Lakshmi Puja 2023 Date and Time in Bengali: শারদীয় দুর্গোৎসবের পর প্রথম পূর্ণিমা তিথিতে হয় কোজাগরী লক্ষ্মী পূজা। তাই দুর্গা পুজো শেষ হতে না হতেই শুরু হয়ে যায় লক্ষ্মী পুজোর তোড়জোড়। কোজাগরী শব্দটি এসেছে 'কো জাগতি' থেকে, এর অর্থ 'কে জেগে আছো'। কথিত রয়েছে, মা লক্ষ্মী কোজাগরী পূর্ণিমার রাতেই নাকি জগৎ পরিক্রমায় বেরোন এবং ঘরে ঘরে খোঁজ নিয়ে যান, কে জেগে আছে। যে ব্যক্তি রাত জেগে দেবীর আরাধনা করেন, তাঁর ঘরেই প্রবেশ করেন মা লক্ষ্মী।

তাই কোজাগরী পূর্ণিমায় রাত জেগে কাটানোর প্রথা রয়েছে। সন্ধ্যাবেলা বা রাতে কোজাগরী লক্ষ্মী পুজো করলে ব্যক্তির জীবনে কখনও অর্থাভাব থাকে না এবং দেবী লক্ষ্মী সেই গৃহে বাস করেন, এমনটাই বিশ্বাস। দেখে নেওয়া যাক, ২০২৩ সালের কোজাগরী লক্ষ্মী পুজোর তিথি কবে।

Kojagari Lakshmi Puja 2023

কোজাগরী পূর্ণিমা ও লক্ষ্মী পুজোর নির্ঘণ্ট

চলতি বছর ২৮ অক্টোবর, শনিবার অর্থাৎ ১০ কার্তিক পালিত হবে কোজাগরী লক্ষ্মী পুজো। এই তিথি কোজাগরী পূর্ণিমা এবং শারদ পূর্ণিমা নামেও পরিচিত। এই দিনে চন্দ্রোদয় ঘটবে বিকেল ৫টা ২০ মিনিটে।

পূর্ণিমা তিথি শুরু - ২৮ অক্টোবর, ভোর ৪টে ১৭ মিনিটে।
পূর্ণিমা তিথি শেষ - ২৯ অক্টোবর, মধ্যরাত ১টা ৫৩ মিনিটে।

কোজাগরী লক্ষ্মী পুজোয় শুভ যোগ

জ্যোতিষশাস্ত্র অনুসারে, এ বছর কোজাগরী লক্ষ্মী পুজোয় থাকছে একাধিক শুভ যোগ। গজকেশরী যোগ, বুধাদিত্য যোগ, শশ যোগ এবং সিদ্ধি যোগের শুভ সংযোগ গঠিত হচ্ছে ২৮ অক্টোবর।

কোজাগরী লক্ষ্মী পুজোয় চন্দ্রগ্রহণ

এ বছরের শেষ চন্দ্রগ্রহণও কোজাগরী পূর্ণিমার রাতে ঘটতে চলেছে। এই চন্দ্রগ্রহণ ভারতে দৃশ্যমান হবে। তাই এর সুতক কালও বৈধ। শাস্ত্র মতে, গ্রহণের আগে যে সূতক কাল শুরু হয় সে সময় কোনও পূজাপাঠ করা উচিত নয়। মন্দির ও ঠাকুরঘরের দরজা বন্ধ করে দেওয় উচিত। দেবী-দেবতার মূর্তি বা ছবিও স্পর্শ করতে নেই।

২৯ অক্টোবর মধ্যরাত ০১টা ০৫ মিনিটে চন্দ্রগ্রহণ শুরু হবে এবং রাত ০২টো ২৪ মিনিট পর্যন্ত চলবে। সূতক কাল শুরু হবে চন্দ্রগ্রহণের ৯ ঘণ্টা আগে। তাই এই সময়ের আগে পূজার্চনা করা শুভ।

Disclaimer: উপরোক্ত তথ্যে এটা কখনই দাবি করা হচ্ছে না যে এটা সম্পূর্ণরূপে সত্য এবং সঠিক। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত।

X
Desktop Bottom Promotion