Mahakumbh 2025: মহাকুম্ভে এ বছর পুণ্যস্নানের শুভ দিন কোনগুলি? জানুন শাহী স্নানের নিয়ম

By Bhagysree Sarkar

Mahakumbh 2025: হিন্দু ধর্মে কুম্ভ মেলার বিশেষ গুরুত্ব রয়েছে। ২০২৫ সালে প্রয়াগরাজে আয়োজন করা হবে মহাকুম্ভের। এছাড়াও হরিদ্বার, নাসিক ও উজ্জয়নে আয়োজন করা হয় কুম্ভ মেলার। এবছর মহাকুম্ভ শুরু হবে ১৩ জানুয়ারি। এটি হিন্দু ধর্মের সবচেয়ে বড় উৎসব ও মেলা বলেও অনেকের মত।

বিশ্বের লক্ষ লক্ষ ভক্ত অংশগ্রহণ করেন এই মেলায়। শাস্ত্রবিদরা বলছেন, মহাকুম্ভের (Mahakumbh 2025) রাজকীয় স্নানের ৬টি শুভ দিন রয়েছে। যার মধ্যে ৩টি তিথি জানুয়ারি মাসে এবং ৩টি তিথি ফেব্রুয়ারি মাসে পড়বে।

Maha Kumbh Mela

প্রথম দিন ১৩ জানুয়ারি, পৌষ পূর্ণিমা। দ্বিতীয় দিন ১৪ জানুয়ারি, মকর সংক্রান্তি। তৃতীয় দিন ২৯ জানুয়ারি, মৌনী অমাবস্যা। চতুর্থ দিন ০৩ ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমী। পঞ্চম দিন ১২ ফেব্রুয়ারি, মাঘী পূর্ণিমা। ষষ্ঠ দিন ২৬ ফেব্রুয়ারি, মহাশিবরাত্রি। এই মেলা উপলক্ষ্যে গঙ্গা, যমুনা ও সরস্বতীর সঙ্গমস্থলে ডুব দেবেন লক্ষাধিক পুণ্যার্থী।

উত্তরপ্রদেশ সরকার ইতিমধ্যেই জানিয়েছে, চলতি বছরে প্রায় ৪০ কোটি পুণ্যার্থী আসতে পারেন মহাকুম্ভে। এমন পরিস্থিতিতে, যদি আপনিও মহাকুম্ভে স্নান করার পরিকল্পনা করেন, তাহলে স্নানের সাথে সম্পর্কিত এই নিয়মগুলি মনে রাখবেন। কারণ যদি আপনি এই নিয়মগুলি মেনে চলেন, তবে এটি আপনার জীবনে শুভ ফল বয়ে আনবে।

মহাকুম্ভে স্নানের নিয়ম (rules of Mahakumbh snan):

  • আপনি বিবাহিত হলে মহাকুম্ভে স্নান করার সময় ৫টি ডুব দিন। বিশ্বাস করা হয় যে, পারিবারিক জীবনযাপনকারী ব্যক্তিরা যদি স্নানের সময় পাঁচটি ডুব না দেন, তাহলে তাদের স্নান সম্পূর্ণ হবে না।
  • মহাকুম্ভে স্নানের সময়ে সাবান বা শ্যাম্পু ব্যবহার নিষিদ্ধ।
  • মহাকুম্ভে স্নান করলে অবশ্যই হনুমান জি বা নাগবাসুকির দর্শন করা উচিত। স্নান করার পর যদি আপনি এই দুটি মন্দিরের কোনওটিতেই না যান, তাহলে আপনার ধর্মীয় যাত্রা অসম্পূর্ণ বলে বিবেচিত হবে।
  • স্নানের পরে, দুঃস্থ মানুষদের টাকা এবং কাপড় দান করার নিয়ম রয়েছে। দান সনাতন ধর্মে খুবই শুভ।
  • এছাড়াও মনে রাখবেন, নাগা সাধুদের মহাকুম্ভে প্রথম স্নান করার সৌভাগ্য হয়। নাগা সাধুদের স্নানের এই নিয়ম বহু শতাব্দী ধরে চলে আসছে। এর পিছনে একটি ধর্মীয় বিশ্বাস রয়েছে। বলা হয়, নাগা সাধুরা ভগবান শিবের একান্ত ভক্ত। নাগা সাধুদের তপস্যা এবং নিষ্ঠার কারণে এই সম্মান দেওয়া হয়েছে। এমন পরিস্থিতিতে, পারিবারিক জীবনযাপনকারী ব্যক্তিদের প্রথম ডুব দেওয়া উচিত নয়। নাগা সাধুদের স্নান সেরে ফেলার পরই সাধারণদের স্নান করা উচিত।

শাস্ত্র মতে, মহাকুম্ভে পূণ্যস্নানে মানসিক শান্তি পাওয়া যায়। সঙ্গেই পাপ থেকেও মুক্তি পাওয়া যায়। পাশাপাশি এই স্নান সে ব্যক্তিকে পুনর্জন্মের চক্র থেকে মুক্তি দেয় এবং মোক্ষ প্রাপ্তি দেয়।

Story first published: Thursday, January 9, 2025, 18:07 [IST]
X
Desktop Bottom Promotion