Kamika Ekadashi 2023: চতুর্মাসের কামিকা একাদশী ব্রত পালনেই মোক্ষ লাভ! জানুন তিথি ও শুভক্ষণ

চতুর্মাসে আষাঢ় কৃষ্ণপক্ষের একাদশী তিথিকে বলা হয় কামিকা একাদশী। চতুর্মাসের সময় শ্রী বিষ্ণু ৪ মাসের জন্য যোগ নিদ্রায় থাকেন। কামিকা একাদশীতে বিষ্ণু পুজো করলে ভগবান প্রসন্ন হন।

বিশ্বাস করা হয়, যে ব্যক্তি ভক্তিভরে কামিকা একাদশীর ব্রত পালন করেন, তিনি সমস্ত খারাপ কর্ম থেকে মুক্তি পান এবং মোক্ষ লাভ হয়। জেনে নিন কামিকা একাদশীর তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য।

Kamika Ekadashi 2023

কামিকা একাদশীর তিথি ও শুভক্ষণ
এ বছর ১৩ জুলাই, বৃহস্পতিবার পালিত হবে কামিকা একাদশী ব্রত। একাদশী তিথি শুরু হবে ১২ জুলাই সন্ধ্যা ৫টা ৫৯ মিনিটে এবং শেষ হবে ১৩ জুলাই সন্ধ্যা ৬টা ২৪ মিনিটে। কামিকা একাদশী ব্রতভঙ্গের সময় ১৪ জুলাই সকাল ৫টা থেকে সকাল ৭টা ৪১ মিনিট পর্যন্ত।

কামিকা একাদশীর তাৎপর্য
চতুর্মাসে এই একাদশী তিথি থাকায় এর বিশেষ গুরুত্ব রয়েছে। ভক্তিভরে কামিকা একাদশী ব্রত পালন করলে জ্ঞানে-অজ্ঞানে করা সমস্ত পাপ থেকে মুক্তি মেলে। এই একাদশী ব্রত পালনে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করা যায় এবং পিতৃ দোষ থেকেও মুক্তি লাভ হয়। সকল মনোস্কামনা পূর্ণ হয়।

কামিকা একাদশী পূজা বিধি
এ দিন খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে নিন। পূজা ঘরে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করে নিন। ছোটো কাঠের চৌকিতে হলুদ কাপড় বিছিয়ে শ্রী বিষ্ণুর মূর্তি বা ছবি স্থাপন করুন। সঠিক বিধি মেনে বিষ্ণু পূজা করুন। পঞ্চামৃত, ফল, ফুল, তুলসী, মিষ্টি নিবেদন করুন। পূজার সময় 'ওঁ নমঃ ভগবতে বাসুদেবায়' মন্ত্র জপ করবেন।

একাদশী ব্রতের সময় ব্রহ্মচর্য পালন করা আবশ্যক। আমিষ খাওয়া একেবারে নিষিদ্ধ। এই দিনে আপনার মন শান্ত রাখুন। কারুর সঙ্গে ঝগড়া করবেন না। প্রদোষকালে ঘুমানোও নিষিদ্ধ। একাদশীর দিনে যতটা সম্ভব শ্রী বিষ্ণুর স্মরণ করুন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Wednesday, July 12, 2023, 9:00 [IST]
X
Desktop Bottom Promotion