Jamai Sasthi 2023: জামাই ষষ্ঠীর প্রচলন কী ভাবে হয়েছিল? জেনে নিন এই উৎসবের কাহিনী

Jamai Sasthi 2023: বাঙালির বারো মাসে তেরো পার্বণের অন্যতম হল জামাই ষষ্ঠী। জ্যৈষ্ঠ মাসে শুক্ল পক্ষের ষষ্ঠী তিথিতে মা ষষ্ঠীর পূজার মধ্যে দিয়ে পালিত হয় জামাই ষষ্ঠী। বিবাহিত মেয়ে এবং জামাইকে নিমন্ত্রণ করে আপ্যায়ন করা এই ব্রতের মূল রীতি। মেয়ে-জামাইয়ের সুখী দাম্পত্য জীবন ও মঙ্গল কামনায় এই ব্রত পালন করেন শাশুড়ি মায়েরা।

বিশেষত যে পরিবারে সদ্য বিবাহিতা কন্যা রয়েছে সেই পরিবার এই পার্বণটি ঘটা করে পালন করে। জামাইকে বাড়িতে আমন্ত্রণ জানিয়ে আদর-আপ্যায়ন করে খাওয়ান শাশুড়িরা। এই দিনে মেয়ে-জামাইকে উপহারও দেওয়া হয়। জেনে নিন, ২০২৩ সালে জামাই ষষ্ঠীর তিথি, শুভক্ষণ এবং এই উৎসব প্রচলনের কাহিনী।

Jamai Sasthi 2023

জামাই ষষ্ঠীর তিথি ও শুভক্ষণ
এই বছর জামাই ষষ্ঠী পালিত হবে ২৫ মে অর্থাৎ ১০ জ্যৈষ্ঠ, বৃহস্পতিবার। ষষ্ঠী তিথি শুরু হবে ১০ জ্যৈষ্ঠ ভোর রাত ৩টে ২৮ মিনিটে এবং ষষ্ঠী শেষ ১১ জ্যৈষ্ঠ বিকেল ৫টা ২৬ মিনিটে।

জামাই ষষ্ঠীর প্রচলন কী ভাবে হয়?
প্রচলিত ধারণা অনুযায়ী, এক সময়ে সংস্কার ছিল যে মেয়ের বিয়ের পর তার বাবা, মা মেয়ের বাড়িতে ততদিন পর্যন্ত যেতে পারবেন না, যত দিন না মেয়ে সন্তানসম্ভবা হন বা সন্তানের জন্ম দেন। ফলে সন্তানধারণে সমস্যা বা প্রসবে কোনও বাধা এলে মেয়ের বাবা-মাকে দীর্ঘদিন অপেক্ষা করতে হত কন্যার বাড়ি যাওয়ার জন্য। তাই বিবাহিত কন্যার মুখদর্শনের জন্য জৈষ্ঠ্য মাসের শুক্লপক্ষের ষষ্ঠী তিথিকে বেছে নেয় জামাই ষষ্ঠী হিসেবে৷ যেখানে মেয়ে জামাইকে নিমন্ত্রণ করে তাদের আদর-আপ্যায়ন করা হবে। সেই সঙ্গে মা ষষ্ঠীর পুজো করা হবে, যাতে কন্যা শীঘ্র সন্তানের মুখ দেখতে পান।

এ ছাড়া, জামাই ষষ্ঠী পালনের পিছনে এক কাহিনী জড়িত। কথিত আছে, এক পরিবারে দুই বউ ছিল। ছোটো বউয়ের খাওয়াদাওয়ার প্রতি লোভ ছিল একটু বেশি ৷ বাড়িতে মাছ বা অন্য যা কিছু ভাল ভাল রান্না হত, সে সবই লুকিয়ে লুকিয়ে খেয়ে নিত। আর দোষ চাপাত এক বিড়ালের উপর।

ধর্মীয় বিশ্বাস অনুসারে, বিড়াল হল মা ষষ্ঠীর বাহন ৷ নিজের বাহন সম্পর্কে এই মিথ্যে অভিযোগ শুনে মা ষষ্ঠী রেগে যান। মা ষষ্ঠীর অভিশাপে ছোটো বউয়ের একের পর এক সন্তান জন্ম নেওয়ার সাথে সাথেই মারা যায়। ছোটো বউয়ের কপালে জুটল অলক্ষণা বদনাম। তাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়।

ছোটো বউ মনের দুঃখে বনে চলে যায়। একদিন জঙ্গলে একা বসে ছোটো বউ কাঁদছে, সেই সময় এক বৃদ্ধার ছদ্মবেশ ধরে তাকে দেখা দেন মা ষষ্ঠী। কেন সে কাঁদছে, তা জিজ্ঞেস করলে সব কিছু খুলে বলে ছোটো বউ। সব শুনে মা ষষ্ঠী তাকে ক্ষমা করে দেন এবং বলেন যে ভক্তিভরে মা ষষ্ঠীর পুজো করলে মৃত সন্তানদের ফিরে পাবেন।

সেই মতো ছোটো বউ ঘটা করে মা ষষ্ঠীর পুজো করে। ফিরে পায় নিজের সব পুত্র কন্যাদের। জামাই ষষ্ঠী বা অরণ্য ষষ্ঠী ব্রতের মূল কাহিনী এটাই।

X
Desktop Bottom Promotion