জ্যোতিষ অনুযায়ী এই ৫ গ্রহ অশুভ! জেনে নিন গ্রহ শান্ত রাখার সহজ উপায়

জ্যোতিষশাস্ত্রে নবগ্রহ বা নয়টি গ্রহের উল্লেখ রয়েছে। এই নয়টি গ্রহকে দুই ভাগে ভাগ করা হয়। বৃহস্পতি, শুক্র, চন্দ্র এবং বুধকে বলা হয় শুভ গ্রহ। তবে চন্দ্র এবং বুধের অশুভ অবস্থান হলে তখন অশুভ ফলদাতা গ্রহ হিসেবেই ধরা হয়।

শনি, মঙ্গল, রবি, রাহু এবং কেতু অশুভ গ্রহ। যদিও রবি বা সূর্য এবং মঙ্গল কখনই অশুভ নয়, এগুলি হল ক্রূর গ্রহ। অন্যদিকে, শনি এবং রাহু, কেতুকে বলা হয় পাপী গ্রহ। আসুন জেনে নেওয়া যাক এই গ্রহগুলোর শুভ-অশুভ প্রভাব এবং তাদের শান্ত করার উপায়।

planets in astrology

সূর্য

জ্যোতিষ মতে, সূর্য হল সমস্ত গ্রহের রাজা। পিতা, আত্মা, নাম, যশ, খ্যাতি, সুনাম, মান-সম্মানের কারক গ্রহ সূর্য। জন্মকুণ্ডলীতে সূর্যের অবস্থান শক্তিশালী হলে এই সকল ক্ষেত্রে ভাল ফল পাওয়া যায়। তবে সূর্য গ্রহ দুর্বল হলে সেই ব্যক্তিকে বিভিন্ন ধরনের সমস্যা ও শারীরিক রোগভোগের সম্মুখীন হতে হয়। সূর্যের অশুভ প্রভাবে হৃদরোগ, চোখের রোগ, আর্থিক ক্ষতি ও মিথ্যা অভিযোগের ঘটনা ঘটে। এমনকি মান-সম্মানও কমে যায়।

প্রতিকার - রবিবার সূর্যোদয়ের মুহূর্তে সূর্য দেবতাকে জল নিবেদন করুন। তারপর কোনও গরীব অসহায় ব্যক্তিকে আপনার সাধ্যমতো দান করুন। এতে কোষ্ঠীতে থাকা সূর্যের অশুভ প্রভাব কমে যায়।

মঙ্গল

জ্যোতিষশাস্ত্রে মঙ্গলকে গ্রহের সেনাপতি আখ্যা দেওয়া হয়েছে। শক্তি, সাহস, বীরত্ব, পরাক্রম, রাগ, ভূমি ও শৌর্যের কারক মনে করা হয় এই লাল গ্রহকে। এই মঙ্গলের কারণেই জন্মকুণ্ডলীতে মাঙ্গলিক দোষ বা মঙ্গল দোষ তৈরি হয়। মঙ্গলের অশুভ প্রভাবে হৃদরোগ, ঋণ সংক্রান্ত সমস্যা ও সম্পত্তি সংক্রান্ত বিবাদ দেখা দেয়।

প্রতিকার - মঙ্গলের অশুভ প্রভাব কমাতে লাল কাপড় দান করুন।

শনি

শনি হল পাপী গ্রহ। শনি ন্যায়ের দেবতা ও কর্মফলদাতা। এই গ্রহের গতিবিধি খুবই ধীর। আড়াই বছর অন্তর রাশি পরিবর্তন হয়। শনির সাড়েসাতি, আড়াই, মহাদশা, অন্তর্দশা যে কোনও ব্যক্তির জীবন দুর্বিষহ করে তোলে। শনির অশুভ প্রভাবে অগ্নিকাণ্ড, দুর্ঘটনা, চোখের রোগ এবং পিতার সঙ্গে মতভেদ দেখা দেয়।

প্রতিকার - তেল, সর্ষে, কালো তিল, কালো বস্ত্র, জুতা ইত্যাদি দান করা শুভ হবে।

রাহু ও কেতু

রাহু-কেতু উভয়ই পাপী গ্রহ। রাহু-কেতুর কারণে কোষ্ঠীতে কালসর্প দোষ তৈরি হয়। রাহুর অশুভ প্রভাবে মাথায় চোট, মানসিক রোগের শিকার হতে হয়। আর অশুভ কেতুর প্রভাবে বিশ্বাসঘাতকতার শিকার হতে হয়।

প্রতিকার - রাহুর প্রভাব কমাতে কোনও অসহায় ব্যক্তিকে বস্ত্র দান করতে হবে। অন্যদিকে, নারকেল, বিউলির ডাল দান করলে কেতু গ্রহ শান্ত হয়।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion