Guru Nanak Jayanti 2023: গুরু নানকের এই ১০ বাণী বদলে দিতে পারে আপনার জীবন!

Guru Nanak Jayanti 2023 Quotes: আজ, ২৭ নভেম্বর গুরু নানক জয়ন্তী। শিখ সম্প্রদায়ের অন্যতম বড় উৎসব এটি। গুরু নানকের জন্মদিবস উপলক্ষ্যেই প্রতি বছর পালন করা হয় গুরু নানক জয়ন্তী। এটি গুরুপরব বা প্রকাশ পরব নামেও পরিচিত।

শিখ সম্প্রদায়ের ১০ জন গুরু রয়েছে এবং প্রত্যেকেরই নিজস্ব গুরু পরব রয়েছে। গুরু নানক হলেন শিখ ধর্মের প্রবক্তা এবং এই ধর্মের প্রথম গুরু। তিনি সর্বদা ভালোবাসা, একতা এবং নিঃস্বার্থ সেবার কথা প্রচার করেছেন। বহু স্থানে ভ্রমণ করে মানুষের মধ্যে এক ঈশ্বরের মতবাদ প্রচলন করেছেন।

Guru Nanak Jayanti 2023: guru nanak quotes

গুরু নানক দেবের বাণীগুলি শিখ ধর্মের পবিত্র গ্রন্থ 'গুরু গ্রন্থ সাহেব' নামক বইতে সংরক্ষিত আছে। তাঁর শিক্ষায় বিভিন্ন নীতি অন্তর্ভুক্ত রয়েছে, যা ধার্মিকতা, পবিত্রতা এবং নিঃস্বার্থ সেবার গুণাবলী ভিত্তিক। আজ গুরু নানক জয়ন্তীর শুভ তিথিতে জেনে নিন তাঁর বলা কয়েকটি অমূল্য বাণী।

গুরু নানকের ১০টি অমূল্য উপদেশ

১) ঈশ্বর এক এবং অদ্বিতীয়। আর তাঁর নাম সত্য। তিনিই জগতের সৃষ্টিকর্তা। তিনি কাউকে ভয় পান না, কাউকে ঘৃণা করেন না। তাঁর মৃত্যু নেই। তিনি জাগতিক জন্ম-মৃত্যুর ঊর্ধ্বে। তিনি নিজের দীপ্তিতে আলোকিত হন।

২) ঈশ্বর তোমাকে যে ধনসম্পত্তি দিয়েছেন, তা যদি তুমি শুধু নিজের বলেই আগলে রাখো বা গুপ্তধনের জন্য ব্যবহার করো, তা হলে তা শবের চেয়েও পূতিগন্ধময়। কিন্তু যদি তা অন্যদের সঙ্গে ভাগ করে নাও, তা হলে তা পবিত্র প্রসাদের চেয়েও বেশি পুণ্য বলে ধরা হবে।

৩) ধর্মের নামে যে আচার-আচরণ, অনাচার, স্বার্থপরতা, সংকীর্ণতা চলছে, তা অবিলম্বে দূর করা প্রয়োজন। এক ধর্মের মানুষ অন্য ধর্মের মানুষকে ভালোবাসবে এটাই তো স্বাভাবিক। গোটা মানব সমাজকে একসঙ্গে ধর্মসূত্রে আবদ্ধ করার প্রয়োজনীয়তা আছে।

৪) প্রবঞ্চনা করো না। মানুষের ওপর অত্যাচার করো না। সৎ হও, পরিশ্রমী হও। ঈশ্বর নিশ্চয়ই তোমাকে আশীর্বাদ করবেন।

৫) ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি নিরাকার, সর্বগুণের আধার। তার অপর কোনও সত্তা নেই। তাই মূর্তি পূজা অর্থহীন।

৬) মাংস খাওয়া উচিত না উচিত নয়, এসব নিয়ে মূর্খেরা তর্ক করে। তারা সত্য বোঝে না। তারা এটা নিয়ে চিন্তাও করে না। কোনটি মাংস এবং কোনটি সবজি, তা কে ঠিক করে দিয়েছে? আর কোনটি খেলে পাপ হবে, সেটাই বা আসলে কে জানে।

৭) যদি মৃত্যুর প্রকৃত অর্থ সত্যিই কেউ জানতে পারে, তা হলে সে আর মৃত্যুকে ভয় পাবে না।

৮) যে সব মানুষকে একই মনে করে, সেই প্রকৃত ঈশ্বর বিশ্বাসী।

৯) তোমার কথা শুনে অন্যরা যেন তোমাকে সম্মান করতে পারে, এমন কথাই সব সময় বোলো।

১০) সর্বোত্তম আরাম এবং দীর্ঘস্থায়ী শান্তি তখনই পাওয়া যায়, যখন কেউ নিজের ভেতর থেকে স্বার্থপরতাকে দূর করে।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion