Ganesh Chaturthi 2023: গণেশ চতুর্থী কবে পড়ছে? বাড়িতে কী ভাবে করবেন পুজো? জেনে নিন

Ganesh Chaturthi 2023: হিন্দু শাস্ত্র অনুসারে, সুখ-সমৃদ্ধির দেবতা শ্রী গণেশের জন্ম ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে। তাই প্রতি বছর এই সময় মহা ধুমধাম করে পালিত হয় গণেশ উৎসব। দশ দিন ধরে চলা গণেশোৎসব শুরু হয় ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথিতে এবং শেষ হয় অনন্ত চতুর্দশীতে।

অনেকেই বাড়িতে গণেশ মূর্তি এনে পুজো করেন। তাছাড়া সার্বজনীন ভাবেও গণেশ পুজো করা হয়ে থাকে। চলতি বছর কবে গণেশ চতুর্থী? গণেশ মূর্তি কী ভাবে স্থাপন করবেন? পুজোর শুভ সময় কখন? জেনে নিন বিস্তারিত।

Ganesh Chaturthi 2023

গণেশ চতুর্থীর তিথি ও শুভক্ষণ

এ বছর ভাদ্র মাসের শুক্লপক্ষের চতুর্থী তিথি শুরু হচ্ছে ১৮ সেপ্টেম্বর দুপুর ১২টা ৩৯ মিনিটে। চতুর্থী শেষ হবে ১৯ সেপ্টেম্বর দুপুর ১টা ৪৩ মিনিটে। উদয়া তিথি অনুযায়ী ১৯ সেপ্টেম্বর গণেশ চতুর্থী উদযাপিত হবে। এই দিন থেকেই দশদিনব্যাপী গণেশোৎসব শুরু হবে।

গণেশ প্রতিষ্ঠার নিয়ম

১) গণেশ চতুর্থীর দিন ভোরবেলা স্নান সেরে পরিষ্কার পোশাক পরিধান করুন।
২) কপালে তিলক লাগিয়ে নিন। আসন বিছিয়ে পূর্ব দিকে মুখ করে বসুন। আসন যাতে ছেঁড়া না হয় সেদিকে খেয়াল রাখবেন।
৩) এরপর কাঠের চৌকি বা গম, মুগ বা জোয়ারের ওপর লাল কাপড় বিছিয়ে গণেশ মূর্তি স্থাপন করুন।
৪) গণপতির মূর্তির ডান ও বাম পাশে ঋদ্ধি-সিদ্ধির প্রতীক হিসেবে একটি করে সুপারি রেখে দিন।

পূজা পদ্ধতি

১) গণেশ চতুর্থীর শুভ সময়ে বাড়ির উত্তর, পূর্ব অথবা উত্তর-পূর্ব অংশে ভগবান গণেশের মূর্তি রাখুন। তারপর পূজার সমস্ত সামগ্রী আয়োজন করে নিয়ে, আসন পেতে বসুন।
২) একটা চৌকির ওপর গণেশ স্থাপনা করার পর নবগ্রহ, ষোড়শ মাতৃকা ইত্যাদি তৈরি করুন।
৩) চৌকির পূর্ব দিকে ঘট রাখুন এবং দক্ষিণ-পূর্ব দিকে প্রদীপ জ্বালান।
৪) তারপর নিজের উপর গঙ্গাজল ছিটিয়ে 'ওম পুণ্ডরীকাক্ষয় নমঃ' মন্ত্র জপ করতে করতে গণেশকে প্রণাম করুন।
৫) হাতে সুগন্ধ, অক্ষত এবং ফুল নিন। মন্ত্র জপ করতে করতে ভগবান গণেশের ধ্যান করুন। উপরিউক্ত মন্ত্রের মাধ্যমেই গণেশের আবাহন ও আসন প্রদান করুন।
৬) পূজার সময় 'ওঁ শ্রী গণেশায় নমঃ। ওঁ গং গণপতয়ে নমঃ।' মন্ত্র জপ করতে থাকুন।
৭) আসন প্রদানের পর গণেশকে স্নান করান। পঞ্চামৃত দিয়ে স্নান করানো সবচেয়ে ভাল। আর তা না হলে গঙ্গা জল দিয়েও স্নান করাতে পারেন।
৮) এর পর বস্ত্র, উপবীত, চন্দন, অক্ষত, ধূপ, প্রদীপ, নৈবেদ্য, ফল, মিষ্টি ইত্যাদি নিবেদন করুন। সঠিক আচারের মাধ্যমে গণেশ পূজা করুন।
৯) পূজার শেষে গণেশের আরতি করে নিজের মনোস্কামনা ব্যক্ত করবেন।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion