Pitru Paksha 2022 : শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষ, এই সময় ভুলেও করবেন না এই কাজগুলি!

শুরু হয়ে গিয়েছে পিতৃপক্ষ। আর, পিতৃপক্ষের শুরু মানেই পুজোর কাউন্টডাউনও শুরু। কারণ পিতৃপক্ষের ১৫-১৬ পরেই পড়ে যায় দেবীপক্ষ, অর্থাৎ বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো শুরু। মহালয়া দিয়ে পিতৃপক্ষের অবসান ও দেবীপক্ষের শুরু হয়। হিন্দুধর্ম মতে, পিতৃপক্ষ হল পূর্বপূরুষের তর্পণাদির জন্য প্রশস্ত এক বিশেষ পক্ষ। এই সময় পিতৃপুরুষের স্মরণ করা হয় এবং তাঁদের প্রতি শ্রদ্ধা ও কৃতজ্ঞতা জ্ঞাপন করা হয়।

পিতৃপক্ষে স্বর্গত পূর্বপুরুষদের সন্তুষ্ট করার জন্য তর্পণ এবং পিন্ড দান বা শ্রাদ্ধের মতো আচার অনুষ্ঠান করা হয়। তাঁদেরকে তৃপ্ত করার জন্য তিল, জল দান করা হয় এবং তাহাদের যাত্রাপথকে আলোকিত করার জন্য উল্কাদান করা হয়। সাধারণভাবে মৃত পূর্বপুরুষগণকে জলদান করাকেই তর্পণ বলা হয়। বিশ্বাস করা হয় যে, যেহেতু পিতৃপক্ষে প্রেতকর্ম (শ্রাদ্ধ), তর্পণ ইত্যাদি মৃত্যু সংক্রান্ত আচার-অনুষ্ঠান পালিত হয়, তাই এই পক্ষ শুভকাজের জন্য একেবারেই ভাল নয়। হিন্দু আচার অনুযায়ী, এই সময়ে কতগুলি বিষয় মেনে চলা খুবই জরুরি। তাহলে জেনে নিন পিতৃপক্ষে কী করবেন আর কী করবেন না।

dos and donts to follow during this Pitru Paksha

পিতৃপক্ষের সময় কী করবেন ও কী করবেন না

১) পিতৃপক্ষের সময় সিগারেট, মদ্যপান, সমস্ত রকমের নেশার দ্রব্য থেকে দূরে থাকুন। আমিষ জাতীয় খাবার, রসুন, পেঁয়াজ খাবেন না। লাউ, শসা, ছোলা, জিরা, সরিষার শাক এই দিনগুলিতে খাওয়া উচিত নয়। নিরামিষ খাবার খাওয়া উচিত। সমস্ত রকম খারাপ অভ্যাস থেকে দূরে থাকা উচিত।

২) এই সময়ে প্রত্যেক ব্যক্তির পূর্বপুরুষদের শ্রাদ্ধ‌ করা উচিত, কিন্তু সূর্যাস্তের পর শ্রাদ্ধ করা উচিত নয়। এটা অশুভ বলে মনে করা হয়।

৩) এই সময়ে সরল জীবনযাপন করতে হয় এবং কোনও ধরনের শুভ কাজ করতে নেই, যেমন - বিয়ে, অন্নপ্রাশন, বাগদান, মুন্ডণ, গৃহপ্রবেশ, নতুন কিছু জিনিস কিনবেন না। কোনও নতুন কাজ শুরু করবেন না।

৪) যিনি পিন্ড দান ও তর্পণ করবেন, তাঁর চুল এবং নখ কাটা উচিত নয়। সবসময় পরিষ্কার জামা কাপড় পরুন। এর পাশাপাশি ব্রহ্মচর্য পালন করতে হবে।

৫) এই সময় কোনও পশু-পাখিকে বিরক্ত করা উচিত নয়। তাহলে সমস্যা দেখা দিতে পারে। দরিদ্রদের খাওয়ান।

৬) বাড়িতে আসা পশু-পাখিদের তাড়িয়ে দেবেন না, তাদের খাবার দিন। বিশ্বাস করা হয় যে, পিতৃপক্ষের মধ্যে পূর্বপুরুষরা পশু-পাখির রূপ ধারণ করে তাঁদের আত্মীয়দের সঙ্গে দেখা করতে আসেন।

আরও পড়ুন : Pitru paksha : এই সময় কেন শ্রাদ্ধ কর্ম করা হয়? জানুন পিতৃপক্ষ সম্পর্কে নানান গুরুত্বপূর্ণ তথ্য

৭) হিন্দুশাস্ত্র মতে, পিতৃপক্ষের সময় পূর্বপুরুষরা পৃথিবীতে ফিরে আসেন এবং তাদের পরিবারের আশেপাশেই থাকেন। তাই, এই সময়ে এমন কোনও কাজ করা উচিত নয়, যার কারণে পূর্বপুরুষরা ক্ষুব্ধ হন।

৮) যিনি তর্পণ বা শ্রাদ্ধ কর্ম করবেন তিনি চামড়ার তৈরি কোনও জিনিস পরবেন না অথবা ব্যবহার করবেন না।

৯) তর্পণের মন্ত্রোচ্চারণের মাঝে কারও সঙ্গে কথা বলবেন না।

X
Desktop Bottom Promotion