Devshayani Ekadashi 2023: দেবশয়নী একাদশীতে করুন এই ৫ কাজ, বিষ্ণুর আশীর্বাদে ফিরবে সৌভাগ্য!

আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী তিথি দেবশয়নী একাদশী নামে পরিচিত। চলতি বছর ২৯ জুন পালিত হবে দেবশয়নী একাদশী। শাস্ত্র অনুসারে, এই দিন থেকে ভগবান বিষ্ণু চার মাসের জন্য যোগনিদ্রায় যান। এর পর কার্তিক মাসের শুক্লপক্ষের একাদশীর দিন তিনি জেগে ওঠেন। এই চার মাস বিষ্ণু নিদ্রিত অবস্থায় থাকায় বিশ্ব সংসার রক্ষা ও পালনের ভার থাকে মহাদেবের উপরে। এই সময় সমস্ত শুভ কর্মও নিষিদ্ধ থাকে।

দেবশয়নী একাদশীর দিন কিছু বিশেষ ব্যবস্থা গ্রহণ করলে ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হয়। তাঁর আশীর্বাদে সমস্ত পাপ থেকে মুক্তি মেলে এবং জীবনে চলমান সমস্যাগুলোও শেষ হয়ে যায়।

Devshayani Ekadashi

বিছানা প্রস্তুত করুন
দেবশয়নী বা হরিশয়নী একাদশীতে ব্রত পালন করুন এবং সঠিক বিধি মেনে শ্রী বিষ্ণুর পূজার্চনা সম্পন্ন করুন। পঞ্চামৃত দিয়ে বিষ্ণুকে স্নান করাতে হবে। দুধ, ঘি, দই, মধু এবং গঙ্গাজল একসঙ্গে মিশিয়ে পঞ্চামৃত তৈরি করা হয়।

এর পর ভগবানকে নরম বিছানায় শুইয়ে দিতে হবে। আগে থেকে নরম বিছানা, তোষক, বালিশ, মশারির সুন্দর ব্যবস্থা করে রাখতে হবে। মাথার কাছে তুলসী পাতাও রাখতে হবে। এতে ভক্তের উপর শ্রী বিষ্ণু প্রসন্ন হবেন।

বিষ্ণু সহস্রনাম পাঠ এবং যজ্ঞ করুন
দেবশয়নী একাদশীর দিন পূজা করার সময় যজ্ঞ ও বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করতে হবে। পদ্মপুরাণ অনুসারে, যে ব্যক্তি ভক্তিভরে বিষ্ণু সহস্রনাম পাঠ করেন, তিনি সকল পাপ থেকে মুক্তি পান। সহস্রনাম অর্থাৎ ভগবান বিষ্ণুর হাজার নাম জপ করার সময় ঘি ও কালো তিল দিয়ে যজ্ঞ করুন। এতে জ্ঞানে-অজ্ঞানে করা সমস্ত পাপ থেকেও মুক্তি মিলবে।

রাত্রি জাগরণ ও ভজন কীর্তন
দেবশয়নী একাদশীর দিন ব্রত পালন করুন এবং সারা রাত জেগে ভজন কীর্তন করুন। এতে বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হন।

চতুর্মাস ব্রতের সংকল্প
দেবশয়নী একাদশীর দিন সকালে স্নান সেরে চতুর্মাস ব্রতের সংকল্প নেওয়া এবং তা সঠিক ভাবে পালন করা অত্যন্ত পুণ্যের কাজ। পদ্মপুরাণে বলা হয়েছে, চতুর্মাস ব্রতের সময় একবেলা খাদ্য গ্রহণ করা উচিত। এ ছাড়াও, হরিশায়নী একাদশী থেকে দেব প্রবোধিনী একাদশী পর্যন্ত মাটিতে ঘুমান। চতুর্মাসে একবেলা পলাশ পাতায় ভোজন করতে হবে এবং ব্রহ্মচর্য পালন করতে হবে। যারা সঠিক বিধি মেনে এই ব্রত পালন করেন, ভগবান তাদের মোক্ষ দান করেন।

খাদ্য ও বিছানা দান
পদ্মপুরাণ অনুসারে, একাদশী তিথিতে দান-ধ্যান করা অত্যন্ত পুণ্যের কাজ। দেবশয়নী একাদশীর দিন খাদ্য ও বিছানা দান করা উচিত। এতে ভগবান বিষ্ণুর আশীর্বাদ সর্বদা সঙ্গে থাকবে। সংসারে কখনও ধন-ধান্যের অভাব হবে না।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion