Bhai Phota 2023: ভাইফোঁটার শুভ সময় কখন? জেনে নিন সঠিক তিথি ও ক্ষণ

কার্তিক মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে, কালীপুজোর এক থেকে দু'দিন পরই পালিত হয় ভাইফোঁটা। ভাই ও বোনের চিরস্থায়ী সম্পর্কের অন্যতম প্রতীক এই পারিবারিক উৎসব। ভাইফোঁটার শুভক্ষণে ভাইয়ের কপালে ফোঁটা দিয়ে তাঁদের মঙ্গল কামনা করেন বোনেরা। তার পর উপহার আদান-প্রদান এবং সবাই মিলে জমিয়ে খাওয়াদাওয়া! তার আনন্দই যে আলাদা!

সারা ভারতে নানা নামে প্রচলিত ভাইফোঁটা। পশ্চিমবঙ্গে যা ভাইফোঁটা বা ভ্রাতৃদ্বিতীয়া, ভারতের অন্যান্য জায়গায় তা ভাইদুজ, ভাইটিকা, ভাইবিজ নামে পরিচিত। এ বছর কবে ভাইফোঁটা তা নিয়ে বিভ্রান্তি রয়েছে। আসুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালে ভাইফোঁটার সঠিক তিথি ও শুভক্ষণ।

Bhai Phota 2023

ভাইফোঁটার তিথি ও শুভক্ষণ

বেণীমাধব শীলের পঞ্জিকা অনুসারে, এ বছর ১৪ ও ১৫ নভেম্বর দু'দিন পড়েছে ভাইফোঁটার তিথি। দ্বিতীয়া শুরু হবে ১৪ নভেম্বর দুপুর ২টা বেজে ৩০ মিনিট থেকে। ১৫ নভেম্বর দুপুর ১টা বেজে ৫৬ মিনিট পর্যন্ত চলবে দ্বিতীয়া তিথি। এই দু'দিনই ভাইফোঁটা দেওয়া যাবে।

ভাইফোঁটার পৌরাণিক কাহিনী

পৌরাণিক কাহিনী অনুসারে, ভগবান সূর্য ও তাঁর পত্নী সন্ধ্যার সন্তান ছিলেন ধর্মরাজ যম ও যমুনা। কিন্তু সূর্যের তেজ সহ্য করতে না পারায় সন্ধ্যাদেবী তাঁর সন্তানদের রেখে চলে যান। যমরাজ ও যমুনা মায়ের স্নেহ থেকে বঞ্চিত হন, কিন্তু ভাই-বোনের মধ্যে ভালোবাসা ছিল অটুট।

এক সময় যমুনার বিয়েও হয়। বিয়ে হয়ে যমের থেকে অনেক দূরে চলে যান যমুনা। দীর্ঘ কাল ধরে দিদিকে দেখতে না পেয়ে মন কাঁদে যমের। তাই এক দিন দিদির বাড়ি চলে যান যমরাজ। ভাইয়ের আগমনে হাসি ফোটে দিদির মুখেও।

ভাইয়ের বাড়িতে আসার আনন্দে, যমুনা তাঁর ভাইকে খুব আদর আপ্যায়ন করেন এবং যমের কপালে ফোঁটা লাগিয়ে তাঁর পূজা করেন। তারপর যমুনা তাঁর দাদার কাছে আশীর্বাদ চান। আশীর্বাদ স্বরূপ যমরাজ বলেন, যে ভাই এই বিশেষ তিথিতে তাঁর বোনের বাড়ি গিয়ে তাঁর হাতের রান্না গ্রহণ করবেন, তাঁর অকাল মৃত্যুর ভয় থাকবে না। সেই দিন থেকেই পালিত হয়ে আসছে ভাইফোঁটার উৎসব। শাস্ত্র মতে এই বিশেষ তিথি, যম দ্বিতীয়া নামেও পরিচিত।

Disclaimer: এই আর্টিকেলটি ইন্টারনেটে উপলব্ধ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Tuesday, November 14, 2023, 16:40 [IST]
X
Desktop Bottom Promotion