Apara Ekadashi 2023: পাপ থেকে মুক্তির উপায় অপরা একাদশী! জেনে নিন তিথি ও শুভ সময়

একাদশীর তিথি শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে উৎসর্গ করা হয়। প্রতি মাসে দু'টি করে একাদশী থাকে, একটি শুক্লপক্ষে এবং অন্যটি কৃষ্ণপক্ষে। জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশী হল অপরা একাদশী। এ দিন ব্রত পালন করলে সকল দুঃখ-কষ্ট থেকে মুক্তি মেলে, জীবনে সুখ-সমৃদ্ধি আসে এবং মৃত্যুর পর স্বর্গলাভ হয় বলে বিশ্বাস।

পৌরাণিক কাহিনী অনুসারে, স্বয়ং শ্রীকৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে অপরা একাদশীর মাহাত্ম্য সম্পর্কে বর্ণনা করেছেন। চলুন জেনে নেওয়া যাক, ২০২৩ সালের অপরা একাদশীর তিথি, শুভক্ষণ, পূজা বিধি ও তাৎপর্য -

Apara Ekadashi 2023 Date and Time

অপরা একাদশীর তিথি ও শুভ সময়
পঞ্জিকা অনুসারে, জ্যৈষ্ঠ মাসের কৃষ্ণপক্ষের একাদশী তিথি শুরু হচ্ছে ১৫ মে রাত ২টো ৪৬ মিনিটে। একাদশী শেষ পরদিন অর্থাৎ ১৬ মে মধ্যরাত ১টা ০৩ মিনিটে। উদয় তিথি অনুসারে ১৫ মে, সোমবার অপরা একাদশী ব্রত পালন করা হবে।

পূজা বিধি
এই দিনে শ্রী বিষ্ণুর সঙ্গে মা লক্ষ্মীরও পূজা করা হয়। একাদশীর দিন ভোরে ঘুম থেকে উঠে স্নান সেরে পরিষ্কার বস্ত্র পরিধান করুন। বিষ্ণু এবং মা লক্ষ্মীকে স্মরণ করে উপবাসের সংকল্প করুন। পুজোর জন্য বাড়ির মন্দির পরিষ্কার করুন এবং সঠিক বিধি মেনে পুজো করুন।

পুজোর সময় শ্রী বিষ্ণুকে মরশুমি ফল, মিষ্টি, পঞ্চামৃত, হলুদ ফুল, হলুদ চন্দন, হলুদ বস্ত্র নিবেদন করুন। এ দিন 'ওঁ নমো ভগবতে বাসুদেবায়' মন্ত্র জপ এবং বিষ্ণু সহস্ত্রনাম পাঠ করা বিশেষভাবে ফলদায়ক বলে মনে করা হয়। একাদশী ব্রতকথা পাঠ করুন বা শুনুন। শ্রী হরিকে নিবেদন করা ভোগে তুলসী অবশ্যই রাখুন।

অপরা একাদশীর তাৎপর্য
অপরা একাদশীতে উপবাস করে বিষ্ণু পূজা করলে সর্বপাপ মুক্ত হয়ে বিষ্ণুলোকে গতি হয়। এই একাদশীর ব্রতকথা পাঠ ও শ্রবণ করলে সহস্র গোদানের ফল লাভ হয়। ব্রহ্মাণ্ডপুরাণে এই ব্রত মাহাত্ম্য বর্ণনা করা হয়েছে।

শাস্ত্র অনুসারে, অপরা একাদশী ব্রতের পুণ্য ব্যক্তির মৃত্যুর পরেও প্রাপ্ত হয়। এই ব্রত সম্পর্কে স্বয়ং শ্রী কৃষ্ণ ধর্মরাজ যুধিষ্ঠিরকে বলেছেন, সমস্ত গুরুতর পাপ এই ব্রত পালনে নষ্ট হয়ে যায়। যে ব্যক্তি অপরা একাদশী পালন করেন, সে অগাধ ধন-সম্পদ এবং খ্যাতি লাভ করে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

Story first published: Friday, May 12, 2023, 11:38 [IST]
X
Desktop Bottom Promotion