Akshaya Tritiya 2023: সৌভাগ্যের প্রতীক অক্ষয় তৃতীয়া, জেনে নিন তিথি ও শুভক্ষণ

বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথি শুভ অক্ষয় তৃতীয়া তিথি। হিন্দু সম্প্রদায় ছাড়া জৈনরাও এই দিনটি পালন করেন। অক্ষয় শব্দের অর্থ যা ক্ষয়প্রাপ্ত হয় না, অর্থাৎ চিরস্থায়ী। কথিত আছে, এই পবিত্র তিথিতে কোনও শুভ কাজ আরম্ভ বা সম্পন্ন করলে তা অনন্তকাল পর্যন্ত অক্ষয় হয়ে থাকে।

পয়লা বৈশাখের মতোই অনেক ব্যবসায়ীরা এই দিনটিতে হালখাতা উপলক্ষে লক্ষ্মী ও গণেশের পুজো করেন। ২০২৩ সালে অক্ষয় তৃতীয়া কবে? জেনে নিন তিথি, শুভক্ষণ ও এই দিনটির তাৎপর্য।

Akshaya Tritiya 2023

অক্ষয় তৃতীয়ার তিথি ও শুভক্ষণ - অক্ষয় তৃতীয়া উদযাপিত হবে ২৩ এপ্রিল, রবিবার। তৃতীয়া তিথি শুরু ২২ এপ্রিল সকাল ৭টা ৪৯ মিনিটে এবং শেষ হবে ২৩ এপ্রিল সকাল ৭টা ৪৭ মিনিটে। অক্ষয় তৃতীয়ায় পূজা মুহূর্ত ২৩ এপ্রিল, সকাল ৫টা ১০ মিনিট থেকে সকাল ৭টা ৪৭ মিনিট পর্যন্ত চলবে।

অক্ষয় তৃতীয়ার তাৎপর্য - অক্ষয় তৃতীয়াকে সবচেয়ে শুভ তিথি মনে করা হয়। এই দিনে যে কোনও শুভ কাজ করা যেতে পারে। হিন্দু বিশ্বাস অনুসারে, অক্ষয় তৃতীয়ায় কোনও শুভ কর্ম করলে তার শুভ ফল দীর্ঘস্থায়ী হয়।

পুরাণ মতে, এই তিথিতেই ধনসম্পদের দেবতা কুবেরের তপস্যায় তুষ্ট হয়ে শিব অতুল ধন সম্পত্তি দান করেন। অক্ষয় তৃতীয়ায় বিষ্ণুর ষষ্ঠ অবতার পরশুরামের জন্ম তিথি। এমনকি, পুরীধামের জগন্নাথদেবের রথযাত্রার রথ নির্মাণ শুরুও এই তিথিতেই হয়েছিল বলে বিশ্বাস।

হিন্দু শাস্ত্রে অক্ষয় তৃতীয়াকে গণেশের জন্মতিথি হিসেবে মানা হয়। এই তিথিতেই গণেশ মহাভারত রচনা আরম্ভ করেন। আবার এই পবিত্র দিন থেকেই ত্রেতাযুগ শুরু হয়েছিল।

অক্ষয় তৃতীয়ায় কোন কোন কাজ করা শুভ - অক্ষয় তৃতীয়ার দিন সোনা, রুপো কিনলে সৌভাগ্য অক্ষয় হয়। নতুন ব্যবসা শুরু করাও খুবই শুভ। এই দিনে যে দম্পতিরা বিবাহ করেন, তাঁদের জীবনে সুখ-সমৃদ্ধি অক্ষয় হয়। এ ছাড়া, অক্ষয় তৃতীয়ায় গরীবদের বস্ত্র, খাদ্য এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিস দান করা খুব শুভ। ভূমিপুজো, গৃহপ্রবেশ বা নতুন গাড়ি কেনারও বিধান রয়েছে শাস্ত্রে।

Disclaimer: এই আর্টিকেলটি সাধারণ তথ্যের উপর ভিত্তি করে লেখা। এই তথ্য ধর্মীয় আস্থা ও লৌকিক মান্যতার উপর আধারিত। এর সত্যতার দাবি করে না বোল্ডস্কাই বাংলা।

X
Desktop Bottom Promotion