দুপুরে গরম ভাতের সঙ্গে থাকুক মা-ঠাকুমার আমলের ‘দুধ শুক্তো’, দেখে নিন রেসিপি

Posted By:

বাঙালি বাড়িতে নিরামিষের দিনে শুক্তো হবেই! গরম ভাতের সঙ্গে শুক্তো, বাঙালির সব সময়ই খুব প্রিয়। যুগ যুগ ধরে এই পদটি স্ব-মহিমায় বিরাজ করছে আমবাঙালির রসনাতে। এই পদের বৈচিত্রের শেষ নেই। নানাভাবে রান্না করা যায় শুক্তো। তবে দুধ দিয়ে শুক্তো স্বাদ ভোলার মত নয়! দেখে নিন দুধ শুক্তো বানানোর পদ্ধতি।

দুধ শুক্তোর উপকরণ
২-৩টে আলু, ১টা বড় মাপের বেগুন, কয়েকটা উচ্ছে, অর্ধেক পেঁপে, কয়েকটা সজনে ডাঁটা, ২-৩টে রাঙা আলু, কয়েকটা বরবটি, ১টা কাঁচকলা, বড়ি, সামান্য রাঁধুনি, ১/৪ চামচ মৌরি, আদা বাটা, দেড় চামচ পোস্ত, ১ চামচ সর্ষে, ১ কাপ দুধ, পরিমাণমতো তেল, স্বাদ অনুযায়ী নুন ও চিনি।

Dudh Shukto Recipe

দুধ শুক্তো বানানোর পদ্ধতি
সজনে ডাঁটার খোসা ছাড়িয়ে ছোটো ছোটো টুকরো করে নিন। আলু, উচ্ছে, বেগুন, কাঁচকলা, বরবটি, পেঁপে, রাঙা আলু লম্বা লম্বা করে কেটে নিন। সবকটা সবজি ভাল করে ধুয়ে জল ঝরিয়ে নিন।

কড়াই গরম করে শুকনো খোলায় রাঁধুনি, মৌরি নেড়ে নিয়ে শিলে বেটে ফেলুন। এই গুঁড়ো মশলাই রান্নায় ব্যবহার করা হবে। পোস্ত আর সর্ষে অল্প জল দিয়ে বেটে নিন। কড়াইতে তেল গরম করে প্রতিটি সব্জি আলাদা আলাদা করে ভেজে নিন। তবে ভাজা যেন কড়া না হয়ে যায়। বড়িও ভেজে নেবেন।

ওই কড়াইতেই দু'চামচ ঘি দিয়ে গরম করুন। এর মধ্যে রাঁধুনি, তেজপাতা, পাঁচফোড়ন দিন। ফোড়ন একটু নাড়াচাড়া করে নিয়ে আদা ও পোস্ত বাটা দিয়ে দিন। নুন ও চিনি দিয়ে দেবেন। একটু নেড়ে নিয়ে উচ্ছে আর বেগুন বাদে বাকি সব সবজি দিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। ঢাকা দিয়ে রান্না করুন কিছুক্ষণ। সবজি হাফ সেদ্ধ হয়ে এলে বেগুন ও উচ্ছে দিন। বেটে রাখা সর্ষেও দিয়ে দেবেন। সর্ষে আর পোস্ত বাটার জলটা কড়াইতে ঢেলে মিশিয়ে দেবেন। কিছুক্ষণ ঢাকা দিয়ে রান্না করুন।

এবার শুক্তোয় বড়ি দিন। সেই সঙ্গে দিয়ে দিন এক কাপ দুধ। সবকিছু ভাল ভাবে মিশিয়ে ঢাকা দিন। ঝোল ফুটে ঘন হয়ে এলে ভাজা মশলা আর সামান্য ঘি ছড়িয়ে মিশিয়ে দিন। একটু ফুটিয়ে নামিয়ে ফেলুন। গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন দুধ শুক্তো।

[ of 5 - Users]
Story first published: Saturday, June 17, 2023, 21:39 [IST]
X
Desktop Bottom Promotion