পোলাও খেতে মন চাইছে? ঝটপট বানিয়ে ফেলুন তাওয়া পোলাও

Posted By:

পোলাওয়ের নাম শুনলে কার না জিভে জল আসে! ভোজন রসিক বাঙালীর অত্যন্ত প্রিয় খাবার পোলাও। উৎসব-অনুষ্ঠান হোক বা পারিবারিক ভোজ, বাঙালীর মেনুতে পোলাও থাকবেই! আমিষ, নিরামিষ মিলিয়ে পোলাওয়ের রকমারি গুণে শেষ করা যাবে না।

তবে কখনও তাওয়া পোলাও খেয়েছেন? মুম্বইয়ের অত্যন্ত বিখ্যাত খাবার এটি। খুব সহজে বাড়িতেই বানিয়ে ফেলতে পারেন তাওয়া পোলাও। রইল রেসিপি।

Tawa Pulao Recipe

তাওয়া পোলাওয়ের উপকরণ
২ কাপ সাদা ভাত, ২টো সেদ্ধ আলু, পেঁয়াজ কুচি, টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কড়াইশুঁটি পরিমাণমতো, গাজর কুচি, ১ চা চামচ গোটা জিরা, ১টা তেজপাতা, ১ চা চামচ পাও ভাজি মশলা, ১ চা চামচ লঙ্কা গুঁড়ো, পরিমাণমতো সাদা তেল, ধনে পাতা কুচি, পাতিলেবুর রস, স্বাদ অনুযায়ী লবণ।

তাওয়া পোলাও বানানোর পদ্ধতি
কড়াইতে তেল গরম করে গোটা জিরা ও তেজপাতা ফোড়ন দিন। ফোড়ন একটু ভেজে নিয়ে পেঁয়াজ কুচি ও গাজর কুচি দিন। এক মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নিন। তারপর টমেটো কুচি, ক্যাপসিকাম কুচি, কড়াইশুঁটি দিয়ে দিন। সব সবজি মিনিট তিনেক নাড়াচাড়া করে ভেজে নিন। সেদ্ধ আলু টুকরো করে দিয়ে দিন এতে।

সবজিগুলো হালকা ভাজা হয়ে এলে এতে দিয়ে দিন পাও ভাজি মশলা, লঙ্কা গুঁড়ো আর নুন। মশলা ভাল ভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিন এক মিনিট। এবার কড়াইয়ের ঢাকনা খুলে তাতে দিয়ে দিন সাদা ভাত। সবজি, মশলার সঙ্গে ভাত মিশিয়ে নিন ভাল ভাবে। তারপর আবার কড়াইয়ের ঢাকনা চাপা দিন। মাঝারি আঁচে দু'মিনিট ঢাকা দিয়ে রান্না করুন।

মিনিট দুয়েক পর ঢাকনা খুলে একটু নাড়াচাড়া করে নিন। ধনে পাতা কুচি ও লেবুর রস ছড়িয়ে মিশিয়ে দিন। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নিন। গরম গরম জমিয়ে খান সুস্বাদু তাওয়া পোলাও।

[ of 5 - Users]
Story first published: Friday, June 23, 2023, 18:36 [IST]
X
Desktop Bottom Promotion