Janmashtami Recipes: জন্মাষ্টমীর ভোগের থালা সাজান তালের মালপোয়া দিয়ে, রইল রেসিপির হদিশ

Posted By:

জন্মাষ্টমী (Janmashtami) মানেই তালের নানাবিধ পদের সম্ভার। তাল ছাড়া বাল গোপালের পুজো অসম্পূর্ণই বলা যেতে পারে। তালের বড়া থেকে শুরু করে তালের লুচি, তাল ক্ষীর, মালপোয়া, আরও কত কীই না হয় এ দিন। শোনা যায় গোপালের প্রিয় মিষ্টি নাকি তালের মালপোয়া। তাই জন্মাষ্টমীর ভোগের জন্য বানিয়ে ফেলুন এই পদ। কী ভাবে বানাবেন তালের মালপোয়া? রইল প্রণালী।

তালের মালপোয়ার উপকরণ

এক কাপ ময়দা, আধ কাপ সুজি, আধ কাপ দুধ, ঘন তালের শাঁস আধ কাপ, পরিমাণমতো জল, স্বাদ অনুযায়ী চিনি ও নুন, ভাজার জন্য সাদা তেল, ছোটো এলাচ, চিনির সিরাপ।

Taler Malpua Recipe

তালের মালপোয়া তৈরির পদ্ধতি

একটি বড় বাটিতে ময়দা, সুজি, চিনি, নুন এবং দুধ ভাল করে মিশিয়ে নিন। মিনিট পনেরো ঢাকা দিয়ে রাখুন এই মিশ্রণটি। এর পর এর সঙ্গে মিশিয়ে নিন তালের শাঁস। প্রয়োজন হলে অল্প জল মেশাতে পারেন। সমস্ত উপকরণ ফেটিয়ে নিন ভাল ভাবে। থকথকে ব্যাটার তৈরি করুন। ব্যাটারটি খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না।

সসপ্যানে পরিমাণমতো জল এবং চিনি ফোটাতে থাকুন। জল ফুটে একটু ঘন হয়ে এলে নামিয়ে নিন। এতে অল্প এলাচ গুঁড়ো ছড়িয়ে দেবেন।

কড়াইতে তেল গরম করতে দিন। তেল ভাল মতো গরম হলে মালপোয়া মিশ্রণ থেকে এক হাতা করে নিয়ে গোল করে তেলে ছাড়ুন। মালপোয়ার উপর দিকটা লুচির মতো ফুলে উঠলে উল্টে দিন। দুই পিঠ ভাল করে ভেজে নিন। তারপর তেল ঝরিয়ে চিনির সিরার মধ্যে দিয়ে রাখুন মিনিট ১৫। ব্যস, তৈরি হয়ে গেল তালের মালপোয়া!

[ of 5 - Users]
Story first published: Tuesday, September 5, 2023, 21:33 [IST]
X
Desktop Bottom Promotion