Janmashtami Recipes: জন্মাষ্টমীর ভোগের জন্য বানান তাল ক্ষীর ও তালের লুচি, রইল প্রণালী

Posted By:

পুরাণ মতে, ভাদ্র মাসের কৃষ্ণপক্ষে এই ধরাধামে জন্মগ্রহণ করেন ভগবান শ্রীকৃষ্ণ। বছরের এই সময়টা আবার তাল পাকার সময়। ফলে তাল ছাড়া তো জন্মাষ্টমীর (Janmashtami) পুজো প্রায় অসম্পূর্ণ। তালের নানা পদ দেবতার সামনে থালায় সাজিয়ে রাখতে তো হবেই। জন্মাষ্টমীতে তাই তালের নানাবিধ সুস্বাদু খাবার সাজিয়ে দেওয়া হয় গোপালের কাছে।

পাকা তালের গন্ধে ইতিমধ্যে জমে উঠেছে বাজার। জন্মাষ্টমীর ভোগে তালের বড়ার পাশাপাশি বানিয়ে ফেলুন তাল ক্ষীর এবং তালের লুচি। জেনে নিন রেসিপি।

Tal Kheer and Taler Luchi Recipe

তাল ক্ষীর তৈরির পদ্ধতি

উপকরণ
২৫০ গ্রাম দুধ, এক কাপ তালের ঘন শাঁস, ২ টেবিল চামচ নারকেল কোরা, স্বাদ অনুযায়ী চিনি।

প্রণালী
কড়াইতে দুধ, তাল শাঁস এবং নারকেল কোরা একসঙ্গে নিয়ে ভাল ভাবে মিশিয়ে নিন। এবার গ্যাস জ্বালিয়ে এই তালের মিশ্রণ জ্বাল দিতে থাকুন। হাতা দিয়ে ক্রমাগত নাড়তে হবে, যাতে কড়াইয়ের তলায় লেগে না যায়।

দুধ-তালের মিশ্রণ ফুটে ফুটে ঘন হয়ে এলে চিনি দিতে হবে। নাড়াচাড়া করে মিশিয়ে দিন ভাল ভাবে। আরও কিছুক্ষণ ফোটান। ২০-২৫ মিনিটের মধ্যেই তৈরি হয়ে যাবে তালের ক্ষীর। পুরো রান্নাটাই কম আঁচে হবে।

তালের লুচি তৈরির পদ্ধতি

উপকরণ
এক কাপ ময়দা, আধা চা চামচ চিনি, সামান্য লবণ, দেড় টেবিল চামচ সাদা তেল, ১/৩ কাপ তালের পাল্প।

প্রণালী
একটা বড় বাটিতে ময়দার সঙ্গে চিনি, নুন ও সাদা তেল মাখিয়ে নিন। এর মধ্যে তালের পাল্প দিয়ে ভাল করে মাখাতে থাকুন। জলের প্রয়োজন হলে ব্যবহার করতে পারেন। ভাল করে ঠেসে ঠেসে ময়দা মাখিয়ে নিন। তারপর ১৫-২০ মিনিট ঢাকা দিয়ে রাখুন।

মিনিট কুড়ি পর ঢাকনা খুলে আরও একবার ময়দা ঠেসে নিন। তারপর ছোটো ছোটো লেচি কেটে লুচি বেলে নিন। কড়াইতে তেল গরম করে ভেজে নিন লুচিগুলো। ব্যস, তৈরি হয়ে গেল তালের লুচি। গরম গরম তালের লুচির সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু তাল ক্ষীর।

[ of 5 - Users]
X
Desktop Bottom Promotion