খুদের টিফিনে কী দেবেন ভাবছেন? সয়াবিন এবং সবজি দিয়েই বানিয়ে ফেলুন প্যানকেক!

Posted By:

বাচ্চার টিফিনে রোজ একই ধরনের খাবার দিলে বেশিরভাগ সময়ই সেই টিফিন বাড়ি ফেরত আসে। নিত্যনতুন খাবার পেলে তারা হাসিমুখে খেয়ে নেয়। এই নিয়েই মায়েদের যত চিন্তা। খুদের স্কুলের টিফিনে রোজ কী নতুন দেওয়া যায়, তা নিয়ে চিন্তার অন্ত থাকে না মায়েদের। তার উপর সে টিফিন আবার হতে হবে বাচ্চার মনের মতো!

সন্তানের পছন্দের পাশাপাশি তাদের স্বাস্থ্যের দিকটাও নজর রাখতে হবে আপনাদেরই। দোকান থেকে কেনা চিপস, পিৎজা, বার্গার রোজ খাওয়ানো একেবারেই দেওয়া ভালো না। তাই আজ আপনাদের জন্য রইল চটজলদি টিফিনের রেসিপির হদিশ।

বাড়ির খুদেরা সবজি একেবারেই খেতে চায় না! টিফিনে তাদের সেই সবজি দিয়েই বানিয়ে দিন জিভে জল আনা সয়া ভেজ প্যানকেক। এতে বাচ্চার শরীরে সবজির পুষ্টিগুণও যাবে, আর পেটও ভরবে। দেখে নিন কী ভাবে বানাবেন।

Soya Veg Pancake Recipe

সয়া ভেজ প্যানকেকের উপকরণ
১০০ গ্রাম সয়াবিন, ১৫০ গ্রাম চাল, আধ কাপ টক দই, কাঁচা লঙ্কা, এক ইঞ্চি আদা (চার টুকরো), অর্ধেক ক্যাপসিকাম কুচানো, গাজর গ্রেট করা, টমেটো কুচি, স্বাদ অনুযায়ী লবণ, আধা চা চামচ গোটা জিরা, ধনে পাতা কুচি, সামান্য বেকিং সোডা, ভাজার জন্য সাদা তেল।

সয়া ভেজ প্যানকেকের প্রণালী
সয়াবিন দুই ঘণ্টা জলে ভিজিয়ে রাখবেন। চালও জলে ভালো ভাবে ধুয়ে নিয়ে দুই ঘণ্টা ভিজিয়ে রাখবেন। সয়াবিন হাত দিয়ে চিপে চিপে তার অতিরিক্ত জলটা বার করে দেবেন। মিক্সিতে এই জল ঝরানো সয়াবিনগুলো পিষে নিন। চালেরও জল ঝরিয়ে নেবেন।

ভেজানো চাল, টক দই, কাঁচা লঙ্কা, আদা সব একসঙ্গে মিক্সিতে মিহি করে বেটে নিন। এবার একটা বড় বাটিতে চালের পেস্ট ঢেলে নিন। এর সঙ্গে পিষে রাখা সয়াবিন, ক্যাপসিকাম কুচানো, গ্রেট করা গাজর, টমেটো কুচি, লবণ, গোটা জিরা, ধনে পাতা কুচি দিয়ে ভালো করে মাখিয়ে নিন। ব্যাটার অতিরিক্ত ঘন হয়ে গেলে এতে এক টেবিল চামচ জল মেশাতে পারেন। সবশেষে এতে বেকিং সোডা দিয়ে মিশিয়ে নিন।

ফ্রাইং প্যানে অল্প তেল গরম করুন। এতে দুই চামচ করে ব্যাটার দিয়ে গোল করে ছড়িয়ে দিন। মিনিট দুয়েকের জন্য ঢাকা চাপা দিয়ে দিন। তারপর ঢাকনা খুলে এর উপরে একটু তেল ছড়িয়ে দিন। প্যানকেকের অপর পিঠটা উল্টে দেবেন। আবারও ঢাকা চাপা দিন মিনিট দুয়েকের জন্য। দুই পিঠ লালচে করে ভাজা হয়ে গেলেই তৈরি সয়া ভেজ প্যানকেক। টমেটো সসের সঙ্গে গরমাগরম পরিবেশন করুন।

[ of 5 - Users]
Story first published: Saturday, July 8, 2023, 20:35 [IST]
X
Desktop Bottom Promotion