মিষ্টি কিছু খেতে মন চাইছে? চটজলদি বানিয়ে ফেলুন 'রাবড়ি কেক'!

Posted By:

ভূরিভোজের পর একটু মিষ্টি কিছু না হলে বাঙালির ঠিক মন ভরে না। খাওয়াটা তখনই সম্পূর্ণ হয়, যখন শেষে মিষ্টিমুখ হয়। সচরাসচর দোকান থেকেই মিষ্টি কিনে খাওয়া হয়ে থাকে। মিষ্টি বানানো ঝক্কির ভেবে অনেকেই বাড়িতে বানানোর ঝুঁকি নেন না। তবে এমন কিছু মিষ্টির পদ রয়েছে, যা বাড়িতে তৈরি করা খুবই সহজ। তেমনই একটি রেসিপি হল 'রাবড়ি কেক'। ঘরে থাকা জিনিস দিয়েই বানিয়ে ফেলতে পারবেন। দেখে নিন রেসিপি।

কেকের উপকরণ

১ কাপ ময়দা, ১ চা চামচ বেকিং পাউডার, আধা চা চামচ বেকিং সোডা, স্বাদ অনুযায়ী গুঁড়ো চিনি, টক দই, সাদা তেল, দুধ পরিমাণমতো।

Rabdi Cake Recipe

রাবড়ির জন্য লাগবে

১ লিটার দুধ, স্বাদ অনুযায়ী চিনি, আধা চা চামচ এলাচ গুঁড়ো, কাজুবাদাম, পেস্তা বাদাম, আমন্ড, এক চিমটি কেশর (দুধে ভেজানো)।

রাবড়ি কেক তৈরির পদ্ধতি

একটি বড় পাত্রে ময়দা, বেকিং পাউডার, বেকিং সোডা, সাদা তেল, টক দই, গুঁড়ো চিনি একসঙ্গে ভাল করে মিশিয়ে নিন। এতে অল্প অল্প করে দুধ দিয়ে ক্রমাগত ফ্যাটাতে থাকুন। একেবারে থকথকে মসৃণ ব্যাটার তৈরি করে নিন। যাতে কোনও ঢেলা হয়ে না থাকে। ঘরে গুঁড়ো চিনি না থাকলে সাধারণ চিনি মিক্সিতে গুঁড়ো করে নিতে পারেন। এবার কেক তৈরির পাত্রে ভাল করে তেল মাখিয়ে নিন। তাতে ময়দার মিশ্রণ সাবধানে ঢেলে মাইক্রোওয়েভ ওভেনে কেক বেক করে নিন।

বড় পাত্রে এক লিটার দুধ নিয়ে জ্বাল দিতে বসান। দুধ ফুটিয়ে ফুটিয়ে অর্ধেক করতে হবে। এতে চিনি দিয়ে ক্রমাগত নাড়তে থাকুন। পাত্রের কানায় শুকিয়ে যাওয়া দুধ চামচ দিয়ে চেঁছে দুধের মধ্যে দিতে থাকুন। দুধ যেন একেবারেই পুড়ে না যায়। এর পর দুধে দিয়ে দিন এলাচ গুঁড়ো এবং কেশর মেশানো দুধ। ফের নাড়তে থাকুন। ফুটে ফুটে একেবারে ঘন হয়ে গেলেই তৈরি হয়ে যাবে রাবড়ি। এটি ঠান্ডা হতে দিন।

কেকটি তৈরি হয়ে গেলে কাঁটা চামচ দিয়ে তার উপর অনেকগুলো ফুটো করে দিন। তারপর কেকের উপর রাবড়ি ছড়িয়ে দিন। কেকের ভিতর রাবড়ি ঢুকে যাবে। এর উপরে কাজুবাদাম, পেস্তা, আমন্ড কুচি ছড়িয়ে দিন। ব্যস, তৈরি হয়ে গেল রাবড়ি কেক!

[ of 5 - Users]
Story first published: Thursday, August 17, 2023, 18:48 [IST]
X
Desktop Bottom Promotion