Holi Special Recipe: দোলের দিন ঠান্ডাই দিয়েই বানিয়ে ফেলুন রসমালাই! কী ভাবে? রইল প্রণালী

Posted By:

দোল মানেই প্রচুর রং খেলা, আড্ডা আর জমিয়ে ভূরিভোজ। রকমারি খাবারের মধ্যে দোলে ঠান্ডাই (Thandai) একেবারে মাস্ট। রং খেলার পর ঠান্ডাই-এর গ্লাসে চুমুক দিলেই একটা আলাদা শান্তি! দোলের সময়ে বাজারে ঠান্ডাই শরবতের ব্যাপক রমরমা। অনেকে আবার বাড়িতেও তৈরি করেন। তবে এই ঠান্ডাই দিয়েই কিন্তু বিভিন্ন মিষ্টি তৈরি করা যায়! আজ আপনাদের জন্য রইল ঠান্ডাই রসমালাই রেসিপি।

Thandai Rasmalai

ঠান্ডাইয়ের উপকরণ

এক কাপ দুধ
দেড় লিটার জল
দেড় কাপ চিনি
আধা টেবিল চামচ মৌরি
ছোটো এলাচ
এক চা চামচ গোটা গোলমরিচ
এক টেবিল চামচ আমন্ড
এক টেবিল চামচ পেস্তা
এক টেবিল চামচ তরমুজের বীজ
আধা টেবিল চামচ পোস্ত
আধা চা চামচ গোলাপ জল
কয়েকটা শুকনো বা টাটকা গোলাপের পাপড়ি

রসমালাইয়ের উপকরণ

এক লিটার দুধ
এক চা চামচ ময়দা
দুই কাপ চিনি
তিন টেবিল চামচ সাদা ভিনেগার
পরিমাণমতো জল

ঠান্ডাই তৈরির পদ্ধতি

১) আমন্ড, পেস্তা, তরমুজের বীজ, পোস্ত ৫-৬ ঘণ্টা জলে ভিজিয়ে রাখুন। তারপর জল ঝরিয়ে মিক্সার গ্রাইন্ডারে একসঙ্গে পিষে নিন।

২) ছোটো এলাচ, মৌরি, গোটা গোলমরিচ শুকনো খোলায় ভেজে ঠান্ডা করে নিন। তারপর এগুলো একসঙ্গে মিহি গুঁড়ো করে নিন।

৩) দুধে জল, কেশর ও চিনি দিয়ে ভালো ভাবে ফোটান।

৪) দুধ হালকা ঠান্ডা হলে তাতে বাদাম-পোস্ত বাটা এবং এলাচ-মৌরির গুঁড়ো দিয়ে ভালো ভাবে মেশান।

৫) সুগন্ধ বাড়াতে গোলাপের পাপড়ি এবং গোলাপ জল মেশাতে পারেন। এবার এটি বেশ কিছুক্ষণ ফ্রিজে রাখুন। ব্যস, তাহলেই তৈরি হয়ে যাবে ঠান্ডাই!

রসগোল্লা তৈরির পদ্ধতি

১) ভিনেগারে ২-৩ কাপ জল দিয়ে পাতলা করুন।

২) এক লিটার দুধে এই জল মেশানো ভিনেগার মিশ্রিত করে গ্যাসে ফোটাতে বসান। দুধ ছানার মতো শক্ত না হওয়ার পর্যন্ত ফোটান।

৩) ছানা তৈরি হয়ে গেলে তাতে ২-3 কাপ জল এবং বরফের টুকরো দিয়ে ঠান্ডা হতে দিন। তারপর ছানা ছেঁকে নিন।

৪) ছানার অতিরিক্ত জল ঝরাতে পরিষ্কার সুতির কাপড়ে বেঁধে ২-৩ ঘণ্টা ঝুলিয়ে রাখুন।

৫) এবার থালায় ছানা নিয়ে খুব ভালো ভাবে মাখুন। ছানার সঙ্গে ময়দা দিয়ে আবার মেখে নিন।

৬) ছানা-ময়দার তাল থেকে অল্প অল্প করে নিয়ে ছোটো ছোটো বল করে নিন। এখন আমাদের এই বলগুলিকে মিষ্টি করতে চিনির সিরাপ দরকার।

৭) পাঁচ কাপ জলে দুই কাপ চিনি দিয়ে ভালো ভাবে ফুটিয়ে সিরাপ তৈরি করুন।

৮) ছানার বলগুলো চিনির সিরাপে দিয়ে ৫-১০ মিনিট মতো ফুটিয়ে নিন। তাহলেই তৈরি হয়ে যাবে রসগোল্লা!

ঠান্ডাই রসমালাই তৈরির পদ্ধতি

১) চিনির সিরাপ থেকে রসগোল্লাগুলো ছেঁকে নিন।

২) তারপর ঠান্ডাইয়ের মধ্যে রসগোল্লাগুলো দিয়ে দিন। উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে দেবেন।

৩) ঠান্ডা করে পরিবেশন করুন ঠান্ডাই রসমালাই।

[ of 5 - Users]
Story first published: Monday, March 6, 2023, 13:46 [IST]
X
Desktop Bottom Promotion